কেনিয়ায় ১২ আরোহীসহ বিমান বিধ্বস্ত
বিমানটি কেনিয়ার সমুদ্রতীরবর্তী পর্যটন শহর ডায়ানি থেকে বিখ্যাত ওয়াইল্ডবিস্ট মাইগ্রেশন এলাকার কিচওয়া টেম্বোতে যাচ্ছিল।
কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির কোয়ালে কাউন্টিতে ১২ আরোহীসহ একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।
দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের (কেসিএএ) বিবৃতির বরাতে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকালে বিমানটি কেনিয়ার সমুদ্রতীরবর্তী পর্যটন শহর ডায়ানি থেকে বিখ্যাত ওয়াইল্ডবিস্ট মাইগ্রেশন এলাকার কিচওয়া টেম্বোতে যাচ্ছিল। পথে কোয়ালে কাউন্টির সিম্বা গোলিনি এলাকায় এটি বিধ্বস্ত হয়।
এ ঘটনায় কতোটা ক্ষয়ক্ষতি হয়েছে তা ঘটনাস্থলে থাকা দেশটির সরকারি সংস্থাগুলো নিরূপণ করার চেষ্টা করছে। কী কারণে বিমানটি বিধ্বস্ত হল, সংস্থাগুলো তাও নির্ধারণ করার চেষ্টা করছে।
স্থানীয় গণমাধ্যম অল আফ্রিকা কেসিএএকে উদ্ধৃত করে জানিয়েছে, ৫ওয়াই-সিসিএ নিবন্ধন নম্বরের বিমানটি স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় বিধ্বস্ত হয়।
এক বিবৃতিতে কেসিএএ বলেছে, “বিমানটিতে ১২ জন আরোহী ছিল। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।”
মোম্বাসা এয়ার সার্ভিসেস বিমানটি পরিচালনা করছিল। এই এয়ারলাইনটি মোম্বাসা ও কেনিয়ার অন্য পর্যটন গন্তব্যগুলোর মধ্যে ফ্লাইট পরিচালনা করে থাকে।
