বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি ইরানের: বিশ্ব বাণিজ্যে এর প্রভাব কী?
হরমুজ প্রণালির সঙ্গে যদি বাব আল-মান্দেব প্রণালিও বন্ধ হয়ে যায়, তবে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক-চতুর্থাংশ অবরুদ্ধ হয়ে পড়বে এবং ইউরোপে এশিয়ার পণ্য রপ্তানির সিংহভাগ বন্ধ হয়ে যাবে।
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনির এক শীর্ষ উপদেষ্টা হুমকি দিয়েছেন, তেহরান যেভাবে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে, একইভাবে তাদের মিত্ররা ‘বাব আল-মান্দেব’ নৌপথটিও বন্ধ করে দিতে পারে।
লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দেব বিশ্বে তেল বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়, এই জলপথটি ইরান অবরুদ্ধ করে রাখার পর থেকে বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বেড়েছে।
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির নীতি-নির্ধারণী মহলে প্রভাবশালী অভিজ্ঞ কূটনীতিক আলী আকবর বেলায়েতি গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে সতর্ক করে বলেন, “প্রতিরোধ ফ্রন্টের সমন্বিত কমান্ড বাব আল-মান্দেবকে হরমুজ প্রণালির মতোই বিবেচনা করে।”
বেলায়েতি লেখেন, “হোয়াইট হাউজ যদি তাদের বোকার মতো ভুলের পুনরাবৃত্তি করার সাহস দেখায়, তবে তারা শিগগিরই বুঝতে পারবে যে, মাত্র একটি পদক্ষেপেই বিশ্বে জ্বালানি ও বাণিজ্যের প্রবাহ স্থবির করে দেওয়া সম্ভব।” পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভিও তার এই সতর্কবার্তার সত্যতা নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি এলো। ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান যদি হরমুজ প্রণালি খুলে দিতে রাজি না হয়, তবে চলতি সপ্তাহের বুধবার থেকে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে বোমা হামলা চালাবেন।
ইরান পাল্টা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া অন্য যেসব দেশ নিরাপদ যাতায়াতের জন্য আলোচনা করবে, তাদের জন্য হরমুজ প্রণালি খোলা রয়েছে। এর আগে ট্রাম্প ইরানের সুপেয় পানি শোধনাগারগুলোতেও বোমা মারার হুমকি দিয়েছিলেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, বাব আল-মান্দেব বন্ধ হয়ে গেলে তার প্রভাব কেবল যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি বর্তমান সংঘাতের ফলে সৃষ্ট বিশ্ব জ্বালানি সংকটকে আরও ঘনীভূত করবে এবং গোটা বিশ্বের কারখানা, রান্নাঘর থেকে শুরু করে পেট্রোল পাম্প পর্যন্ত চরম অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে।
বাব আল-মান্দেব কোথায়?
এই প্রণালিটি উত্তর-পূর্বে ইয়েমেন এবং দক্ষিণ-পশ্চিমে আফ্রিকার শিং (হর্ন অফ আফ্রিকা) হিসেবে পরিচিত জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে অবস্থিত।
এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, যা পরে ভারত মহাসাগরে গিয়ে মিশেছে।
প্রণালিটি তার সবচেয়ে সরু পয়েন্টে মাত্র ২৯ কিলোমিটার (১৮ মাইল) প্রশস্ত, যার ফলে জাহাজ চলাচলের জন্য মাত্র দুটি চ্যানেল বা পথ খোলা থাকে। এই এলাকাটি বর্তমানে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।
ইয়েমেন-ভিত্তিক এই হুতি গোষ্ঠী ইরানের ‘অক্ষশক্তি’র একটি কেন্দ্রীয় অংশ। এই অক্ষশক্তি হচ্ছে কয়েকটি দলের একটি জোট, যা আদর্শগতভাবে এবং কৌশলগতভাবে ইরানের সঙ্গে জোটবদ্ধ। বেলায়েতি রোববার এক্সে তার পোস্টে সম্ভবত এই জোটেরই ইঙ্গিত দিয়েছেন।
জ্বালানি বাণিজ্যে বাব আল-মান্দেব কেন গুরুত্বপূর্ণ?
এটি বিশ্বের অন্যতম প্রধান জাহাজ চলাচল পথ। সৌদি আরব এ পথ দিয়েই এশিয়ায় তেল পাঠায়। হরমুজ প্রণালি খোলা থাকলে সৌদি আরব ছাড়াও পারস্য উপসাগরীয় অন্যান্য দেশগুলো সুয়েজ খাল বা মিশরের লোহিত সাগর উপকূলের সুমেদ পাইপলাইনের মাধ্যমেও এই পথ ব্যবহার করে ইউরোপে তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানি রপ্তানি করে।
২০২৪ সালে প্রায় ৪১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পরিশোধিত পেট্রোলিয়াম এই প্রণালি দিয়ে পার হয়েছে, যা বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের ৫ শতাংশ।
যদি বাব আল-মান্দেব এবং হরমুজ প্রণালি উভয়ই বন্ধ হয়ে যায়, তবে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২৫ শতাংশ বা এক-চতুর্থাংশ অবরুদ্ধ হয়ে পড়বে।
শুধু তেল নয়, বিশ্বের মোট বাণিজ্যিক পণ্যের প্রায় ১০ শতাংশ বাব আল-মান্দেব দিয়ে যায়, যার মধ্যে চীন, ভারত ও অন্যান্য এশীয় দেশ থেকে ইউরোপে পাঠানো কন্টেইনারও রয়েছে।
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব আল-মান্দেবের গুরুত্ব এখন বহুগুণ বেড়েছে। সৌদি আরব, যারা আগে তেলের জন্য মূলত হরমুজের ওপর নির্ভরশীল ছিল, তারা এখন লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে অপরিশোধিত তেল পাঠাতে বাব আল-মান্দেবকে বেছে নিয়েছে।
এজন্য তারা ‘ইস্ট ওয়েস্ট পাইপলাইন’ ব্যবহার করছে, যা পারস্য উপসাগরীয় উপকূল থেকে ১,২০০ কিলোমিটার পাড়ি দিয়ে ইয়ানবু পর্যন্ত বিস্তৃত। সৌদি তেল কোম্পানি আরামকো এই পাইপলাইন পরিচালনা করে।
জ্বালানি তথ্য সংস্থা ‘কপ্লার’-এর মতে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই পাইপলাইন দিয়ে গড়ে প্রতিদিন ৭ লাখ ৭০ হাজার ব্যারেল তেল যেত।
কিন্তু মার্চে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর সৌদি আরব এর ব্যবহার বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মার্চের শেষ নাগাদ এই পাইপলাইন দিয়ে প্রতিদিন ৭০ লাখ ব্যারেল তেল প্রবাহিত হয়েছে, যা এর আগে কখনও হয়নি।
ইরান ও এর মিত্ররা এই প্রণালি বন্ধ করতে পারে?
হুতিরা এর আগেই প্রমাণ করেছে যে, তারা এটি করতে সক্ষম। গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় তারা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য বাব আল-মান্দেব অবরোধ করেছিল।
তখন বিমাকারী প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানানোয় এ পথে জাহাজ চলাচল কমে যায়। পরবর্তীতে ২০২৫ সালের মে মাসে যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি হলে তারা পুনরায় এই জলপথ খুলে দেয়।
তবে সাম্প্রতিক দিনগুলোতে দেখা যাচ্ছে, হুতিরা চাইলে খুব সহজেই আবার গাজায় যুদ্ধের সময়কার মতো সেই অচলাবস্থা তৈরি করতে পারে।
মার্চ মাসের শেষ দিক থেকে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যা এই যুদ্ধে তাদের জড়িয়ে পড়ার দিকেই অঙ্গুলি নির্দেশ করে। তবে আপাতত তা ইসরায়েলের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নয়।
তবে সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খৌরি আল-জাজিরাকে বলেছেন, হুতিদের এই হামলাগুলো এখন পর্যন্ত কেবল ইরান যুদ্ধে একটি ‘প্রতীকী অংশগ্রহণ,’ পূর্ণ অংশগ্রহণ নয়।
আল-জাজিরাকে তিনি বলেন, “অঞ্চলে আরও মার্কিন সেনা আসছে এবং আলোচনা সফল না হলে ইরানে সর্বাত্মক হামলার কথা বলা হচ্ছে, যেমনটি এখনও দেখা যায়নি। হুতিরা যদি সত্যিই পূর্ণ যুদ্ধে নামতে চায়, তবে তাদের প্রধান অস্ত্র হবে বাব আল-মান্দেব অবরোধ করা।”
তার মতে, হুতিরা যদি কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়, তবে লোহিত সাগর দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। সেটি হবে একটি ‘রেড লাইন’ বা সীমা, যার ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খুব দ্রুত ইয়েমেনে হামলা শুরু করবে।
বাব আল-মান্দেব অবরোধ বিশ্বের জন্য কী বয়ে আনবে?
মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গির্টন কলেজের প্রেসিডেন্ট এলিজাবেথ কেন্ডাল আল-জাজিরাকে বলেন, লোহিত সাগরের এই পথটি বন্ধ হলে তা হবে এক ভয়াবহ ‘দুঃস্বপ্ন’।
তিনি বলেন, “একইসঙ্গে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে বিধিনিষেধ থাকলে তা ইউরোপমুখী বাণিজ্য বিঘ্নিত করবে। সুতরাং, সামনে পরিস্থিতি কী হতে চলেছে তা এখন পুরোপুরি এক চরম অনিশ্চিত অবস্থায় দাঁড়িয়ে আছে।”
তবে কেন্ডাল এও মনে করেন যে, বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করা হুতিদের জন্য তুরুপের তাস হলেও তারা হয়ত সৌদি আরব বা বৈশ্বিক বড় কোনও পাল্টা আক্রমণ উসকে দিতে চাইবে না।
