২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে পুলিশের দিকে ওয়াটারগানের পানি ছুড়ে গ্রেপ্তার ২

দুইজনেরই বয়স ২০ এর কোঠায়। তারা আইনপ্রয়োগকারী কর্মকর্তাদেরকে নিশানা করতে নতুন বছর উদযাপনের উৎসবকে কাজে লাগিয়েছে বলে ভাষ্য পুলিশের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 06:01 PM

Updated : 13 Apr 2023, 06:01 PM

থাইল্যান্ডে নববর্ষ সংকার্ন উৎসব উদযাপনের সময় পুলিশের দিকে ওয়াটারগানের পানি ছুড়ায় উশৃঙ্খল আচরণের অভিযোগে দুইজন গ্রেপ্তার হয়েছে।

দুইজনেরই বয়স ২০ এর কোঠায়। তারা আইনপ্রয়োগকারী কর্মকর্তাদেরকে নিশানা করতে নতুন বছর উদযাপনের উৎসবকে কাজে লাগিয়েছে বলে ভাষ্য পুলিশের।

রোববারের এই উৎসব হয়েছে কাওলুন শহরে। এ শহরে বহু থাইয়ের বাস। ঐতিহ্যগতভাবে সংকার্নের সময় দুর্ভাগ্য দূর করতে বালতিতে করে পানি ঢালা হয় এবং পিচকারি দিয়ে ফোয়ারার মতো পানি ছোড়া হয়।

কাওলুন শহরের পুলিশের প্রধান ইন্সপেক্টর চেউং লোক-চুয়েন বুধবার রাতে বলেছেন, ২৫ ও ২৬ বছর বয়সী ওই দুই যুবক সংকার্ন উৎসবের সময় খুব কাছ থেকে পুলিশের দিকে ওয়াটারগানের পানি ছুড়েছে।

তিনি বলেন, “আদতে উৎসবের সময় সবাই এটি মজা করেই করেছে। তবে কারও কারও  অভিপ্রায় ছিল ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত থাকা পুলিশ কর্মকর্তা ও অন্যান্যদেরকে নিশানা করা।”

বিবিসি জানায়, ১০ এপ্রিলে ইউটিউবে আপলোড হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, লাল পোশাক পরা একজন দুই পুলিশ কর্মকর্তা এবং টিভিবি সাংবাদিকদের দিকে ওয়াটারগানের পানি ছুড়ছে। টিভিবি সম্প্রচারমাধ্যম সরকারপন্থি বলেই মনে করা হয়।

২০২০ সালে চীন হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন চালুর পর থেকে সেখানকার স্বাধীনতা অনেকটাই খর্ব হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। সমালোচকরা বলছেন, ভিন্নমত দমন করা এবং স্বায়ত্ত্বশাসন ক্ষুন্ন করতেই বেইজিং হংকংয়ে ওই আইন চালু করেছে।

হংকং চীনের বিশেষ প্রশাসনিক নগরী। সেখানকার এক দেশ দুই ব্যবস্থা নীতিতে অধিবাসীরা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে স্বাধীনতা পায়, যা মূল ভূখন্ডে নেই।