সিরীয় প্রেসিডেন্ট শারা শিগগিরই ওয়াশিংটন যাচ্ছেন, জানালেন মার্কিন দূত
এর আগে সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান কখনোই আনুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যাননি।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা খুব শিগগিরই ওয়াশিংটন ডিসি সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন সিরিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত টম বারাক।
এর আগে সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান কখনোই আনুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যাননি।
নভেম্বরের ‘১০ তারিখের আশপাশে’ সফরটি হবে, হোয়াইট হাউসের এক কর্মকর্তাও এমনটা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শারার এই সফরে সিরিয়া জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে যোগ দেবে বলে আশা করা হচ্ছে, বাহরাইনে মানামা ডায়ালগের ফাঁকে সাংবাদিকদের বলেছেন বারাক।
ভূরাজনীতি ও নিরাপত্তা সংক্রান্ত এ মানামা ডায়ালগ প্রতিবছরই হয়।
শারার সফর বিষয়ে অবগত সিরীয় একটি সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্টের ওয়াশিংটন সফর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিদেশি নেতাদের সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে তালিকা তাতেও কোনো সিরীয় প্রেসিডেন্ট যে কখনোই সরকারি সফরে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যাননি তা দেখা যাচ্ছে। শারা এর আগে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়েছিলেন, ভাষণও দিয়েছিলেন।
গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পর থেকে শারা একের পর এক বিদেশ সফর করেই যাচ্ছেন। তার অন্তর্বর্তী সরকার চাইছে বিশ্বের প্রভাবশালী অনেক দেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে, যারা বাশারের শাসনামলে সিরিয়াকে এড়িয়ে চলত।
ওয়াশিংটনের লক্ষ্য হচ্ছে সিরিয়াকে ওয়াশিংটন নেতৃত্বাধীন জোটে নিয়ে আসা, যারা ২০১৪ সাল থেকে আইএসের বিরুদ্ধে লড়ছে। জঙ্গি এ গোষ্ঠীটি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তাদের সেরা সময়ে সিরিয়া ও ইরাকের এক তৃতীয়াংশ দখলে রেখেছিল।
“আমরা সবাইকে এই জোটে আনার চেষ্টা করছি, এটা তাদের জন্য অনেক কিছু,” বলেছেন বারাক।
শারা একসময় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়দার সিরিয়া শাখার নেতৃত্বে ছিলেন। তবে তার আসাদবিরোধী বিদ্রোহী গোষ্ঠী এক দশক আগে ওসামা বিন লাদেন প্রতিষ্ঠিত নেটওয়ার্ক থেকে বেরিয়ে যায়, পরে তারা আইএসের সঙ্গে সংঘাতেও জড়ায়।
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট এবং আসাদ সমর্থক রাশিয়া-ইরানের বাহিনীগুলোর তোপে আইএস একসময় সিরিয়া থেকে নিজেদের গুটিয়ে নেয়। তবে আসাদের পতনের পর জঙ্গিগোষ্ঠীটি ফের সিরিয়া ও ইরাকে ফিরে আসার চেষ্টা করছে বলে জুনে একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছিল।
সিরিয়া ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা প্রশমনে আলোচনা অব্যাহত আছে বলেও বারাক এর আগে মানামা সম্মেলনে বলেছিলেন। যুক্তরাষ্ট্রই এই দুই পক্ষের আলোচনায় মধ্যস্থতা করছে।
মার্কিন এ বিশেষ দূত বলছেন, দামেস্ক ও তেল আবিবের একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি অবস্থান করছে।
শারার ওয়াশিংটন সফরের সময়ই যেন দুই পক্ষ চুক্তিতে স্বাক্ষর করতে পারে তা নিয়ে যুক্তরাষ্ট্র চাপও দিচ্ছে বলে রয়টার্সকে সিরীয় একটি সূত্র জানিয়েছে।
দক্ষিণ সিরিয়ায় থাকা ইসরায়েলি সেনাদের প্রত্যাহার ও তেল আবিবের বিমান হামলা বন্ধে দামেস্ক নিজেও এই চুক্তি তাড়াতাড়ি স্বাক্ষরে আগ্রহী।
ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বৈরিতা কয়েক দশকের পুরনো। গত বছরের ডিসেম্বরে আসাদের পতন হলেও দুই দেশের মধ্যে ভূখণ্ড নিয়ে বিবাদ ও গভীর রাজনৈতিক অবিশ্বাস-অনাস্থা এখনো অটুট।
