নিগার সাজি: ভারতের সূর্য অভিযানের নেতৃত্বে যে নারী
তামিল নাড়ুর নিগার সাজি তার স্কুল জীবন সেখানেই শেষ করেন।
সূর্য নিয়ে গবেষণা করতে পৃথিবী থেকে উড়াল দিয়েছে ভারতের মহাকাশযান আদিত্য। ১৫ লাখ কিলোমিটার পাড়ি দিয়ে এই মহাকাশ পর্যবেক্ষক বসবে ল্যাগারেঞ্জ বা এল-১ বিন্দুতে।
ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে গত ২ সেপ্টেম্বর লক্ষ্যপথে যাত্রা শুরু করে আদিত্য এল-১।
ভারতের চন্দ্রাভিযানে নারী নেতৃত্ব সামনে এনেছিল ইসরো। সূর্যকে জানার এই গোটা প্রকল্প পরিচালনাতেও রয়েছেন একজন নারী । ইসরোর সূর্য মিশনের প্রকল্প পরিচালক নিগার সাজি ৩৫ বছর ধরে কাজ করছেন এই প্রতিষ্ঠানে।
তামিল নাড়ুর নিগার সাজি তার স্কুল জীবন সেখানেই শেষ করেন। মেধাবী এই শিক্ষার্থী দশম শ্রেণিতে জেলা পর্যায়ে প্রথম হন। পরে কলেজ পর্যায়েও প্রথম স্থান ছিল তার দখলে।
প্রকৌশল নিয়ে পড়া শেষে তিনি এমটেক ডিগ্রি নেন রাঁচির বিরলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। এরপরই ইনডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অর্থ্যাৎ ইসরোতে যোগ দেন।
সূর্য মিশন প্রকল্পের দায়িত্বে গত আট বছর ধরে কাজ করছেন নিগার সাজি। তিনি বলেন, “এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রকল্প। মহাকাশযানটিকে হালো অরবিটে বসানোটাই তো মহা চ্যালেঞ্জ।”
নিগার সাজির স্বামী একজন মেকানিকাল ইঞ্জিনিয়ার; কাজ করছেন দুবাইতে। তাদের ছেলে নেদারল্যান্ডসে পিএইচডি করছেন, আর চিকিৎসক মেয়ে এখন উচ্চশিক্ষা পর্ব গোছাচ্ছেন।
সূর্য মিশনের নেতৃত্বে থাকা এই নারী বলেন, “এই মিশন ভারতে হেলিওফিজিক্স গোটা বিশ্বে বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর জন্য সম্পদ হয়ে দেখা দেবে।”
মহাকাশযান আদিত্য কবে সেই কাঙ্ক্ষিত বিন্দুতে পৌঁছবে সেই আভাস দিয়ে নিগার সাজি বলেন, “এল-১ বিন্দুতে পৌঁছানোর এই যাত্রা ১২৫ দিনের।” সংবাদসূত্র: নিউ ইয়র্ক টাইমস, ইকনোমিক টাইমস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
