২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারি বর্ষণের মধ্যে ভারতও ‘বাঁধের পানি ছাড়ায়’ পাকিস্তানে নজিরবিহীন বন্যার শঙ্কা

নয়া দিল্লি ‘মানবিক কারণে’ ইসলামাবাদকে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ার তথ্য শেয়ার করেছে যেন তারা বিপর্যয় এড়াতে পারে; কেননা, বৃষ্টি ভারতেও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে, বলেছে ভারতীয় এক সূত্র।

ভারি বর্ষণের মধ্যে ভারতও ‘বাঁধের পানি ছাড়ায়’ পাকিস্তানে নজিরবিহীন বন্যার শঙ্কা
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত ও পাকিস্তান উভয় দেশই বর্ষার তুমুল বৃষ্টি ও বন্যার বিপর্যয় মোকাবেলা করে যাচ্ছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 12:32 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

পাকিস্তান জানিয়েছে, তাদের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরসহ পাঞ্জাব অঞ্চল ‘অতি উচ্চ থেকে নজিরবিহীন মাত্রার উচ্চ’ বন্যার বিপদের মুখে রয়েছে।

ভারি বর্ষণের পাশাপাশি ভারত দুটি বাঁধের পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এ ঝুঁকি সৃষ্টি হয়েছে, মঙ্গলবার তারা এমনটা বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত ও পাকিস্তান উভয় দেশই বর্ষার তুমুল বৃষ্টি ও বন্যার বিপর্যয় মোকাবেলা করে যাচ্ছে। তার মধ্যে ভারতীয় বাঁধগুলো থেকে অতিরিক্ত পানি ছাড়া হলে স্বভাবতই তা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আরও বন্যার ঝুঁকি সৃষ্টি করবে। পাকিস্তানের শস্যভাণ্ডার খ্যাত পাঞ্জাবেই দেশটির ২৪ কোটি জনসংখ্যার অর্ধেকের বাস।

মে-তে সংক্ষিপ্ত এক সংঘাতের পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা এমনিতেই প্রকট, তার মধ্যে বন্যার জন্য ইসলামাবাদ নয়া দিল্লিকে দায়ী করলে তা আগুন আরও উসকে দিতে পারে। 

পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে জানায়, ভারত তাদের রাভি নদীর ওপর থেইন বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে। 

রয়টার্স এ প্রসঙ্গে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে সাড়া পায়নি।

আগের দিনই পাকিস্তান ভারতের কাছ থেকে ‘দ্রুত পূর্ণ হতে থাকা’ মাধোপুর বাঁধের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার আগ্রহ নিয়ে দ্বিতীয় সতর্কবার্তা পেয়েছিল। 

এ বাঁধটিও ভারতের পাঞ্জাব থেকে পাকিস্তানে বয়ে যাওয়া রাভি নদীর ওপর অবস্থিত। 

“বন্যা পরিস্থিত মারাত্মক, পরবর্তী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ,” বলেছেন পাঞ্জাব কর্তৃপক্ষের কর্মকর্তা ইরফান আলি কাথিয়া।

মঙ্গলবার দিনের বেলায় পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছিল, উপগ্রহের ছবি মূল্যায়ন করে তাদের মনে হয়েছে থেইন বাঁধ ৯৭% পরিপূর্ণ হয়ে গেছে এবং সেখান থেকে যে কোনো মুহূর্তে পানি ছাড়া হতে পারে। 

বাঁধ থেকে পানি উপচে পড়ার পরিস্থিতি সৃষ্টি হলে ভারত নিয়মিতই অতিরিক্ত পানি ছেড়ে দেয়; এই পানি পাকিস্তানের দিকে প্রবাহিত হয়। দুই দেশের মধ্যে বেশ কয়েকটি নদী রয়েছে যার উজানে রয়েছে ভারত, ভাটিতে পাকিস্তান। ১৯৪৭ সালে দুই দেশ যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায়, তখন পাঞ্জাব প্রদেশও দুটি অংশে ভাগ হয়ে যায়।

মঙ্গলবার ভারত সরকারের একটি সূত্র রয়টার্সকে জানায়, তারা সুনির্দিষ্টভাবে কোনো বাঁধের নাম বলেনি, যদিও প্রবল বৃষ্টিপাতের ফলে তাদেরকে দুইদিনের মধ্যেই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাকিস্তানকে দ্বিতীয় সতর্কবার্তা দিতে হয়েছে। আরও সতর্কবার্তা দেওয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ওই সূত্রটি ‘সম্ভাবনা রয়েছে’ বলেও জানিয়েছিল। 

ভারতীয় আরেকটি সূত্র বলেছে, নয়া দিল্লি ‘মানবিক কারণে’ ইসলামাবাদকে এসব তথ্য শেয়ার করেছে যেন তারা বিপর্যয় এড়াতে পারে; কেননা, বৃষ্টি ভারতেও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। 

বন্যা পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তান শুক্রবার থেকেই লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু করেছে। পাঞ্জাব থেকে সরিয়ে নেওয়া লোকজনের সংখ্যা এরই মধ্যে দেড় লাখ অতিক্রম করেছে, ১৪ অগাস্ট বন্যা সতর্কতা জারি করার পর স্বেচ্ছায় সরে যাওয়া প্রায় ৩৫ হাজার বাসিন্দাও এর মধ্যে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাঞ্জাব দিয়ে বয়ে যাওয়া রাভি, চেনব ও সুতলেজ নদীর আশপাশের কয়েক গ্রামের বাসিন্দাদের সেনাবাহিনীর সহায়তায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রয়েছে, বলেছে তারা।

এই নদীর কারণে কাছাকাছি অনেক এলাকায় মাঝারি থেকে শুরু করে কোথাও কোথাও ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আগামী ১২ থেকে ২৪ ঘণ্টায় পাঞ্জাব এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। 

ভারত সীমান্তবর্তী পাসরুর শহর সফর করার পর ডেপুটি কমিশনার সাবা আসগর আলি সেখানকার ১৬টি গ্রাম বন্যা ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছেন।  

ওই এলাকায় স্থাপন করা ত্রাণ শিবিরগুলোতে খাবার, ওষুধ, শৌচালয় এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে, বলেছেন তিনি। 

“জলবায়ু পরিবর্তনের কারণে পূর্বাঞ্চলের নদীগুলো অতীতের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাতের সাক্ষী হচ্ছে,” বলেছেন পাঞ্জাব প্রদেশের সেচমন্ত্রী কাজিম রাজা পিরজাদা।  

জুনে বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে বন্যায় পাকিস্তানে এখন পর্যন্ত ৮০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হয়েছে কেবল এ মাসেই। 

মঙ্গলবারের ৮ জনসহ চলতি মাসে বৃষ্টি-বন্যায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও ৬৮ জনের মৃত্যুর খবর এসেছে। 

হিমবাহ গলনের তীব্রতা বাড়ায় চরম বিপর্যয়ের মুখে রয়েছে পাকিস্তানের উত্তরের গিলগিত-বালতিস্তান অঞ্চল; আর গত সপ্তাহের বন্যায় দেশটির দক্ষিণের শহর করাচির অনেক অংশও প্লাবিত হয়েছে।