২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি অভিযানে গাজায় কত ফিলিস্তিনি নিহত?

নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু, বলছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি অভিযানে গাজায় কত ফিলিস্তিনি নিহত?
গাজা যুদ্ধে স্বজনকে হারিয়ে খান ইউনিসের নাসের হাসপাতালে আহাজারি করছেন কয়েকজন। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 10:10 AM

Updated : 10 Sep 2026, 12:12 PM

গাজায় মাস নয়েক ধরে ইসরায়েলের যে স্থল ও বিমান হামলা চলছে, তাতে ৩৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানাচ্ছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। এও বলা হচ্ছে, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

গত ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাসের হামলায় প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয় বলে দাবি করে আসছে ইসরায়েল।

এর পাল্টায় গাজায় যে অভিযান ইসরায়েল চালিয়ে আসছে, তাতে বৃহস্পতিবার পর্যন্ত ৩৯ হাজার ১৭৫ জনের প্রাণ গেছে বলে হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য।

এই সংখ্যা কীভাবে গণনা করা হয়, সেটি কতটা নির্ভরযোগ্য, বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের সংখ্যা এবং কোন পক্ষের কী ভাষ্য তা জানার চেষ্টা করেছে বার্তা সংস্থা রয়টার্স।

স্বাস্থ্য কর্তৃপক্ষ মৃতের সংখ্যা কীভাবে গণনা করে?

যুদ্ধ শুরুর মাসগুলোতে নিহতের সংখ্যা গণনা করা হতো হাসপাতালে আসা মৃতদেহ দেখে। তখন বেশিরভাগের নাম ও পরিচয় নথিবদ্ধ করা হতো। সংঘাতের মধ্যে কমসংখ্যক হাসপাতাল ও মর্গের কার্যক্রম চলায় কর্তৃপক্ষ অন্য পদ্ধতিও অবলম্বন করে।

মে মাসের শুরু থেকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় অজ্ঞাত ব্যক্তিদের লাশের সংখ্যাও মোট প্রাণহানির পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করে। তাতে দেখা যায়, অজ্ঞাত লাশের সংখ্যা মোট প্রাণহানির প্রায় এক-তৃতীয়াংশ।

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইমার্জেন্সি অপারেশন সেন্টারের প্রধান ওমর হুসেইন আলী বলেন, এসব মৃতদেহ হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে এসেছেই ব্যক্তিগত তথ্য বা পুরো নাম ছাড়া।

মৃতের পরিসংখ্যানে এমন ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের স্বজনরা পরিচয় নম্বরসহ বিভিন্ন তথ্য অনলাইনে সরবরাহ করেছে।

গাজায় নিহতের সংখ্যা কি ব্যাপক?

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মৃতদেহ থাকায় বর্তমান পরিসংখ্যানে সব মৃত্যু প্রতিফলিত হয়নি। কেবল মে মাসেই প্রায় ১০ হাজার মৃতদেহ এভাবে গণনা করা হয়নি।

চিকিৎসা সাময়িকী ল্যানসেট গত ৫ জুলাই তিনজন শিক্ষাবিদের একটি চিঠি প্রকাশ করেছে। এতে বলা হচ্ছে, যুদ্ধে রোগের মতো পরোক্ষ কারণে যাদের মৃত্যু হয়েছে, তাদের সংখ্যা সরকারি হিসাবের চাইতে কয়েকগুণ বেশি। এই সংখ্যা এক লাখ ৮৬ হাজারের চেয়ে বেশি হতে পারে বলে ওই শিক্ষাবিদদের ধারণা।

আগের সংঘাতের প্রবণতা থেকে গবেষকরা বলছেন, একজনের প্রত্যক্ষ মৃত্যুর বিপরীতে চারজনের পরোক্ষ মৃত্যু হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার অফিস এবং ইয়েল স্কুল অব পাবলিক হেলথের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাবও সুনির্দিষ্ট কিছু না জানিয়ে বলছে, প্রকাশিত সংখ্যার চেয়ে মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

গাজায় মৃতের সংখ্যা কতটুকু বিশ্বাসযোগ্য?

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা রয়টার্সকে বলেছেন, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের তুলনায় যুদ্ধ-পূর্ব গাজায় জনসংখ্যার শক্তিশালী পরিসংখ্যান এবং উন্নত স্বাস্থ্যতথ্য ব্যবস্থা ছিল।

উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হতাহতের বিস্তারিত তালিকা প্রস্তুত করেছে লন্ডনভিত্তিক সংস্থা এয়ারওয়ারস। তারা বলছে, যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে হাজার হাজার মানুষের প্রাণহানির সঙ্গে গাজা কর্তৃপক্ষের তালিকার মধ্যে অন্তত ৭৫ শতাংশ মিল পাওয়া গেছে।

নির্ভুলতার প্রশ্নে এরপর থেকেই অবনতি ঘটেছে বলে জানাচ্ছেন পর্যবেক্ষক সংস্থাটির পরিচালক এমিলি ট্রিপ।

গাজায় মৃতের সংখ্যার তথ্য দিতে গিয়ে জাতিসংঘ নিয়মিতভাবেই ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নামসহ তথ্য প্রকাশ করে। মন্ত্রণালয়ের তথ্যে আস্থা রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

সংঘাতের শুরুর দিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হতাহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করলে স্বাস্থ্য মন্ত্রণালয় ৭,০২৮ জনের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছিল।

জুনের শেষ পর্যন্ত শনাক্ত হওয়া ২৮ হাজার ১৮৫ জনের নামের নতুন তালিকা প্রকাশ করা হয় গত ২৪ জুলাই।

তবে গাজা সিটির আল-আহলি আল-আরব হাসপাতালে ১৭ অক্টোবরের বিস্ফোরণে নিহত ৪৭১ জনের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে ওই সংখ্যা ১০০ থেকে ৩০০ এর মধ্যে হতে পারে ধারণা করা হয়েছে।

হামাস কি পরিসংখ্যান নিয়ন্ত্রণ করে?

২০০৭ সাল থেকে গাজা শাসন করছে হামাস। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ই পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য সরবরাহ করে থাকে।

গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার ২০০৭ সাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারি দপ্তরে নিয়োগপ্রাপ্তদের সবার বেতন পরিশোধ করে আসছে। অবশ্য তার আগে নিয়োগপ্রাপ্তদের বেতন এখনও পরিশোধ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

রয়টার্স লিখেছে, গাজায় হামাসের নিয়ন্ত্রণের পরিধি এখন মূল্যায়ন করা বেশ কঠিন। কারণ ইসরায়েলি বাহিনী বেশিরভাগ অঞ্চল দখল করেছে, যার মধ্যে যুদ্ধ এলাকা এবং হতাহতের সংখ্যা সরবরাহকারী হাসপাতালগুলো আছে।

ইসরায়েল কী বলে?

ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, গাজা সরকারের ওপর হামাসের নিয়ন্ত্রণের কারণে নিহতের এই সংখ্যা সন্দেহজনক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মামোরস্টেইন বলেছেন, “এই সংখ্যায় কারসাজি করা হয়েছে এবং এতে বাস্তবতা প্রতিফলিত হয়নি।”

তবে ইসরায়েলের সামরিক বাহিনী মনে করে, গাজায় হতাহতের সামগ্রিক সংখ্যা মোটামুটি নির্ভরযোগ্য।

গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধে ১৪ হাজার হামাস যোদ্ধা এবং ১৬ হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

বেসামরিক কত নাগরিক নিহত হয়েছে?

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বেসামরিক নাগরিক ও হামাস যোদ্ধাদের আলাদাভাবে চিহ্নিত করা হয়নি। হামাস যোদ্ধারা আনুষ্ঠানিক কোনো ইউনিফর্ম পরেন না বা শনাক্ত করা যায় এমন কিছু বহন করেন না।

ইসরায়েল নিজেদের বিশ্বাস অনুযায়ী কতজন হামাস যোদ্ধা নিহত হতে পারে বলে মনে করে, সেই তথ্য ধারাবাহিকভাবে প্রকাশ করে ইহুদী রাষ্ট্রটি। নেতানিয়াহুর সাম্প্রতিক অনুমান অনুযায়ী সেই সংখ্যা ১৪ হাজার।

ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, যুদ্ধক্ষেত্রে মৃতদেহ গণনা, হামাসের যোগাযোগে আড়িপাতা এবং ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুতে থাকা কর্মীদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হতাহতের সংখ্যা নির্ধারণ করেন।

হামাস বলছে, তাদের ক্ষয়ক্ষতির ইসরায়েলি হিসাব অতিরঞ্জিত। তবে তাদের কতজন যোদ্ধা নিহত হয়েছে তা জানায়নি। এয়ারওয়ারসের বিশ্লেষণে দেখা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় অন্তত ‘কিছু যোদ্ধা' রয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু।