ইরান নিয়ে ‘সুসংবাদ’ আছে ট্রাম্পের কাছে, তাও শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো বৈঠক হলে সেখানে একটি প্রাথমিক সমঝোতা স্মারক তৈরি হতে পারে, যার ধারাবাহিকতায় ৬০ দিনের মধ্যে মিলতে পারে বিস্তৃত শান্তি চুক্তি, বলেছে এক পাকিস্তানি
ইরান নিয়ে ‘কিছু ভালো খবর’ পাওয়া গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের শান্তি আলোচনা নিয়ে আশাবাদী হওয়ার ইঙ্গিত থাকলেও সেই তিনিই আবার বলেছেন, বুধবারের মধ্যে চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ নাও বাড়ানো হতে পারে।
এর কিছুক্ষণ আগে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া শান্তিচুক্তিকে স্বাগত জানিয়ে হরমুজ প্রণালি সাময়িক সময়ের জন্য খোলা রাখার ঘোষণা দিয়েছিল।
কিন্তু এরপর ওয়াশিংটন ও তেহরানের দিক থেকে আসা পাল্টাপাল্টি মন্তব্যে তেল রপ্তানি ও বিশ্ব বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওই জলপথে নৌচলাচল কবে আগের মতো স্বাভাবিক হবে তা নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শুক্রবার ট্রাম্প তাকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে ইরান নিয়ে নানা কিছু বললেও কী ‘সুসংবাদ’ আছে তা খোলাসা করেননি, বলেছে বার্তা সংস্থা রয়টার্স।
মুখোমুখি আলোচনা নিয়ে সংশয়
“মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। সপ্তাহান্তে আলোচনায় বসতে যাচ্ছি আমরা। আশা করছি সব ভালোভাবেই এগোবে। অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে এবং দুই পক্ষ সম্মত হয়েছে,” আরিজোনার ফিনিক্স থেকে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের এসব বলেন মার্কিন প্রেসিডেন্ট।
“আসল ব্যাপার হল ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। আপনি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দিতে পারেন না, এ বিষয়ই অন্য সবকিছুর ওপরে,” বলেন তিনি।
তবে এ আশাবাদী আলাপে ‘জল ঢেলে দিতেও’ খুব বেশি সময় নেননি ট্রাম্প। বলেন, বুধবার যুদ্ধবিরতির শেষ দিন, এর মধ্যে যুদ্ধ বন্ধে দীর্ঘমেয়াদী চুক্তি না হলে তিনি যুদ্ধবিরতিতে ইতি টানতে পারেন।
সে পর্যন্ত ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
যুদ্ধবিরতির আগে ইরান যুদ্ধ কয়েক হাজার মানুষের প্রাণ যেমন কেড়ে নিয়েছে তেমনি বিশ্বের তেল বাণিজ্যের এক পঞ্চমাংশ যে জলপথ দিয়ে হয়, সেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় তেলের দামও অনেক বেড়ে গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা মধ্য দিয়ে সাড়ে ৫ সপ্তাহের ওই যুদ্ধ শুরু হয়েছিল। হামলার প্রথমেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও শীর্ষস্থানীয় অনেক ইরানি কমান্ডার ও কর্মকর্তা মারা পড়েন। আলি খামেনির ছেলে মুজতাবা খামেনিই পরে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছেন, যদিও নতুন দায়িত্বে আসার পর তাকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি।
ট্রাম্প রয়টার্সকে বলেছেন, এ সপ্তাহের শুরুর দিকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য বৈঠকস্থলে ইসলামাবাদে এত দ্রুত সব লজিস্টিকস জড়ো করা নিয়ে সন্দিহান অনেক কূটনীতিক অবশ্য ট্রাম্পের দেওয়া বৈঠকের এ সম্ভাব্য সময়সীমা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
শনিবার সকালের দিকেও পাকিস্তানের রাজধানীতে ওয়াশিংটন-তেহরান বৈঠক আয়োজনের প্রস্তুতির কোনো লক্ষণ দেখা যায়নি। এখানেই গত সপ্তাহের শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক হয়েছিল, যা শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ১৯৭৯ সালে হওয়া ইসলামী বিপ্লবের পর আর কখনোই দেখা যায়নি।
পাকিস্তানের মূল মধ্যস্থতাকারী সেনাপ্রধান আসিম মুনির বুধবার থেকেই তেহরানে কর্মকর্তাদের সঙ্গে একের পর এক বৈঠক করে যাচ্ছেন।
মধ্যস্থতার প্রচেষ্টা সম্বন্ধে অবগত এক পাকিস্তানি সূত্র বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো বৈঠক হলে সেখানে একটি প্রাথমিক সমঝোতা স্মারক তৈরি হতে পারে, যার ধারাবাহিকতায় বিস্তৃত শান্তি চুক্তি মিলতে পারে ৬০ দিনের মধ্যে।
সে জায়গায় পৌঁছাতে এখনও নানা জটিলতা পার দিতে হবে। তার মধ্যেই ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি ‘খোলা থাকবে না’।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, যুদ্ধবিরতির বাকি সময়টুকুতে হরমুজ প্রণালি সব বাণিজ্যিক নৌযানের জন্য খোলা থাকবে।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর লেবাননের হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে যোগ দেয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিবেশী দেশটির ওপর নির্বিচারে বোমাবর্ষণ শুরু করে এবং হিজবুল্লাহকে রুখতে লেবাননে ঢুকে পড়ে ও স্থল অভিযানে নামে। তেল আবিবের হামলায় লেবাননে নিহতের সংখ্যাও দুই হাজার ছাড়িয়ে গেছে।
হরমুজ প্রণালি খুলেছে খবর পাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কমতে দেখা গেলেও শুক্রবার সন্ধ্যায় কনটেইনার জাহাজ, বাল্ক ক্যারিয়ার ও ট্যাংকারসহ ২০টির মতো নৌযানের একটি দলকে শুরুতে উপসাগর হয়ে হরমুজ প্রণালির দিকে যেতে দেখা গেলেও পরে তাদের বেশিরভাগই উল্টো দিকে ফিরে আসে বলে নৌচলাচল সংক্রান্ত তথ্যউপাত্ত দেখাচ্ছে। কেন সেগুলো ইউ-টার্ন নিল তা জানা যায়নি।
এ দলে ফরাসী জাহাজ পরিচালকারী গ্রুপ সিএমএ সিজিএমের তিনটি কনটেইনার জাহাজও ছিল, ইউ-টার্ন নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তবে দুবাইয়ে আটকে থাকা প্রমোদতরী সেলেস্টিয়াল ডিসকভারি শনিবার সকালের দিকে প্রণালিটি পার হয়ে ওমানের দিকে যাচ্ছে বলে জানিয়েছে মেরিন ট্রাফিকের নৌযান পর্যবেক্ষণকারী তথ্যউপাত্ত।
ইরান জানিয়েছে, হরমুজ পার হতে চাওয়া সব নৌযানকে অবশ্যই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সমন্বয় করে নিতে হবে। যুদ্ধের আগে এ জটিলতা ছিল না।
শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে তাদের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো ‘শত্রু বাহিনী’ সংশ্লিষ্ট সামরিক নৌযান ও জাহাজকে প্রণালিটি পার হতে দেওয়া হবে না।
বিভিন্ন জাহাজ পরিচালনাকারী কোম্পানি বলছে, প্রণালিটি দিয়ে জাহাজ নিয়ে যাওয়ার আগে তাদের অবশ্যই পেতে রাখা মাইনের ঝুঁকিসহ নানান বিষয়ে অবগত হতে হবে। তারপরই পারস্য উপসাগরে ঢোকার মুখে নৌযান নিয়ে যাওয়ার কথা ভাববে তারা।
মার্কিন নৌবাহিনী নাবিকদের সতর্ক করে দিয়ে বলেছে, হরমুজের কিছু অংশে মাইনের ঝুঁকির মাত্রা পুরোপুরি বোঝা যাচ্ছে না। সেজন্য সেসব এলাকা এড়িয়ে চলারও পরামর্শ এসেছে তাদের দিক থেকে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও অস্পষ্টতা
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান মতভেদই কীভাবে ঘুচবে তা নিয়েও অস্পষ্টতা রয়ে গেছে। দুই পক্ষের মধ্যে সমঝোতার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বাধা।
ইরান বারবারই বলছে, বেসামরিক পরমাণু শক্তি কর্মসূচি তার অধিকার এবং এটি ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছাই তাদের নেই।
এদিকে ট্রাম্প রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেবে। কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘায়ি। রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি আশ্বস্ত করে জানান, তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও পাঠানো হচ্ছে না।
ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সামনের কয়েক দিনের মধ্যে একটি প্রাথমিক চুক্তি হতে পারে বলে তেহরান আশাবাদী।
হরমুজ পুরোপুরি খুলে যাবে এ সম্ভাবনায় শুক্রবার তেলের দাম ১০ শতাংশ কমে যায়, বিশ্বের দেশে দেশে শেয়ার বাজারে দেখা যায় ব্যাপক চাঙাভাব।
শুক্রবার এক ভিডিও সম্মেলনের পর ডজনেরও বেশি দেশ ‘পরিস্থিতি অনুকূলে’ এলে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের সুরক্ষায় আন্তর্জাতিক মিশনে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সমঝোতার অংশ হিসেবে আটকে রাখা ইরানের শত শত কোটি ডলার ছাড়ের ব্যাপারে যুক্তরাষ্ট্র একমত হয়েছে। তবে কবে নাগাদ এই অর্থ ছাড় হতে পারে সে প্রসঙ্গে তিনি কোনো সময়সীমা দেননি।
অন্যদিকে শুক্রবার ট্রাম্প আরিজোনায় এক সমাবেশে বলেছেন, “কোনোভাবে, কোনো কাঠামোতেই অর্থের হাতবদল হবে না।”
গত সপ্তাহের বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর বন্ধ রাখার একটি প্রস্তাব দিয়েছিল বলে এ সম্বন্ধে একাধিক ব্যক্তি রয়টার্সকে নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পাল্টায় ইরান বলেছিল, তাদের পরমাণু কর্মসূচি তারা সর্বোচ্চ তিন থেকে পাঁচ বছর স্থগিত রাখতে পারে।
দুই পক্ষের মধ্যে ‘ছাড় দেওয়ার লক্ষণ’ দেখা যাচ্ছে, যে কারণে ইরানের কাছে থাকা কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম সরতেও পারে বলে জানিয়েছে দুটি ইরানি সূত্র।
ট্রাম্প রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে তাড়াহুড়ো নাও করতে পারে।
“আমরা ইরানে যাব খুব স্বাচ্ছন্দ্যে ও ধীর গতিতে, এবং সেখানে নেমে বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করব। আমরা সেগুলো (ইউরেনিয়াম) যুক্তরাষ্ট্রে নিয়ে আসবো,” ফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প আশাবাদী হলেও দুই পক্ষের মধ্যে ‘দূরত্ব এতই প্রকট’ যা মেটানো কষ্টসাধ্য হবে বলেই মনে করছে ইরানি সূত্ররা।
শুক্রবার জুমার নামাজের খুতবায় ইরানের ধর্মীয় নেতাদের কণ্ঠেও পাওয়া গেছে অনড় থাকার সুর।
“অপমান সয়ে আলোচনায় বসে না আমাদের লোকজন,” বলেছেন এক ধর্মীয় নেতা আহমদ খাতামি।
