মেক্সিকোয় উচ্চ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
মেক্সিকোকে বাণিজ্য চুক্তি করার জন্য সময় দিতে দেশটির ওপর উচ্চ হারের শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য সময় দিতে দেশটির ওপর উচ্চ হারের শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের সঙ্গে তার ‘সমঝোতা’ হয়েছে। সে অনুযায়ী দুই দেশ এখন চুক্তির পথে এগোতে বাড়তি সময় পাচ্ছে।
ট্রাম্প গত এপ্রিলে বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে পরে দেশগুলোকে নতুন বাণিজ্য চুক্তি করার সময় দিতে এই শুল্ক কার্যকর ৯০ দিনের জন্য স্থগিত করেন।
ট্রাম্প ওই সময় মেক্সিকোর ওপর শুল্ক আগের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার ঘোষণা দিয়েছিলেন।
ট্রাম্প ঘোষিত সময়সীমা শেষের পর যেসব দেশ বাণিজ্য চুক্তি করতে পারেনি তাদের মতো মেক্সিকোর ওপরও এই শুল্ক শুক্রবার (১ অগাস্ট) থেকেই কার্যকর হওয়ার কথা।
কিন্তু তার আগেই বৃহস্পতিবার ট্রাম্প এই উচ্চ শুল্ক স্থগিত করার সিদ্ধান্ত জানালেন। ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেছেন, “আমরা আগামী ৯০ দিনে মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি সই করা নিয়ে আলোচনা করব।”
মেক্সিকোর মতো অনেক দেশই এখনও বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে না পেরে উচ্চ শুল্কের মুখে পড়ার ঝুঁকিতে আছে। তবে কিছু দেশ এরই মধ্যে চুক্তি সেরেও ফেলেছে।
এর মধ্যে আছে যুক্তরাজ্য ও ইইউ দেশগুলো। অন্যান্য আরও দেশ এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।
