২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গরিব দেশ নয়, ইউক্রেইনের খাদ্যশস্য ইউরোপে যাচ্ছে: অভিযোগ পুতিনের

কৃষ্নসাগরের বন্দর থেকে বেশির ভাগ খাদ্যশস্য গরিব দেশগুলোতে নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাচ্ছে বলে ইউক্রেইন ও এর পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

রয়টার্স

Published : 07 Sep 2022, 10:06 PM

Updated : 08 Sep 2022, 12:40 AM

বিশ্বের খাদ্যসংকট সামাল দিতে ইউক্রেইন থেকে খাদ্যশস্য রপ্তানিতে জাতিসংঘের উদ্যোগে যে চুক্তি হয়েছিল তা নিয়ে সংশয় প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি এই চুক্তি আবার খতিয়ে দেখা নিয়ে আলোচনা করতে চান।

কৃষ্নসাগরের বন্দরগুলো থেকে বেশির ভাগ খাদ্যশস্য গরিব কিংবা খাদ্য অনিরাপত্তায় ভোগা দেশগুলোতে নয়, বরং ইউরোপের দেশগুলোতে যাচ্ছে বলে ইউক্রেইন ও এর পশ্চিমা মিত্রদেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছেন পুতিন।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় নগরী ভ্লাদিভোস্তকে বুধবার ইস্টার্ন ইকোনমিক ফোরামের ভাষণে পুতিন এসব কথা বলেন।

রাশিয়ার পাশাপাশি ইউক্রেইনও বিশ্বের শীর্ষ খাদ্যশস্য রপ্তানিকারক দেশ। ইউক্রেইনে গত ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর কৃষ্ণসাগরের বন্দর থেকে খাদ্যশস্য সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।

এতে বিশ্ববাজারে বেড়ে যায় খাবারের দাম। সংকট সামলাতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাইয়ে খাদ্য রপ্তানি চুক্তি করে ইউক্রেইন ও রাশিয়া। তারপরই ইউক্রেইনের কৃষ্ণসাগরের বন্দরগুলো থেকে খাদ্যশস্য রপ্তানি আবার শুরু হয়।

খাদ্যের চালান দেখভাল করা যৌথ সমন্বয় কেন্দ্রর (জেসিসি) হিসাবমতে, গত ৫ সপ্তাহে রপ্তানি হয়েছে ২০ লাখ টনেরও বেশি খাদ্যশস্য।

ইস্টার্ন ইকোনমিক ফোরামের ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, চুক্তির আওতায় খাদ্যশস্য, সার এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে যাচ্ছে, গরিব দেশগুলোতে নয়। অথচ চুক্তি করার সময় এই গরিব দেশগুলোর স্বার্থেরই অজুহাত দেখানো হয়েছিল। তাই চুক্তিটির শর্তাবলীতে বদল আনতে আলোচনা চান তিনি।

চুক্তিটি পুনঃপর্যালোচনা করা নিয়ে পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে কথা বলতে পারেন বলেও জানান।

তিনি বলেন, “খাদ্যশস্য রপ্তানি যেভাবে চলছে তাতে বিশ্বে খাদ্য সমস্যার মাত্রা বাড়তেই থাকবে। আর তাতে নজিরবিহীন মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। তাই এই রুট দিয়ে খাদ্যশস্য এবং অন্যান্য খাদ্যসামগ্রী রপ্তানি সীমিত করে দেওয়া নিয়ে চিন্তা-ভাবনা করাটাই উত্তম। আমি অবশ্যই বিষয়টি নিয়ে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব।”

“কারণ, প্রথমত: তিনি এবং আমিই ইউক্রেইনের খাদ্যশস্য রপ্তানির একটি বন্দোবস্ত করা নিয়ে কাজ করেছি। আমি আবারও বলছি, গরিব দেশগুলোকে সাহায্য করার জন্য এ বন্দোবস্ত করা হয়েছিল।”

তাছাড়া, চুক্তির আরেক শর্তও বাস্তবায়ন হচ্ছে না বলে পুতিন অভিযোগ করেছেন; যে শর্ত অনুযায়ী রুশ খাদ্য রপ্তানিকারক এবং চালান সরবরাহকারীদের ওপর বিধিনিষেধ শিথিল করার কথা বলা আছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভও একদিন আগে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এবং চুক্তির পারস্পরিক প্রতিশ্রুতি মানা হচ্ছে না বলে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

পুতিন চুক্তি নিয়ে যেসব কথা বলছেন তাতে এটি নিয়ে নতুন করে আলোচনা সফল না হলে বিষয়টি নিয়ে জট আর নাও খুলতে পারে কিংবা আগামী নভেম্বরে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে রাশিয়া আর এটি নবায়ন নাও করতে পারে- এমন সম্ভাবনা বাড়ল।

ইউক্রেইন বলছে, জুলাইয়ে স্বাক্ষরিত খাদ্যশস্য রপ্তানি চুক্তির শর্ত যাতে ঠিক থাকে সেটি খুবই কঠোরভাবে নজরে রাখা হচ্ছে এবং এ চুক্তি নিয়ে আবার আলাপ-আলোচনা করার কোনও যুক্তি নেই।

পুতিন বুধবার কেবল খাদ্যচুক্তি নিয়ে আপত্তি জানানোই নয় বরং পশ্চিমা বিশ্বে জ্বালানি সরবরাহ একেবারে বন্ধের হুমকিও দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার গ্যাসের মূল্য বেঁধে দেওয়া হলে ইউরোপে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।