২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস- এর সঙ্গে রাশিয়ার তুলনা করল ইউক্রেইন

রুশ সেনার হাতে এক ইউক্রেইনীয় সেনার শিরশ্ছেদের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর এ তুলনা করেছে কিইভ।

আইএস- এর সঙ্গে রাশিয়ার তুলনা করল ইউক্রেইন

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 12 Apr 2023, 09:20 PM

Updated : 13 Apr 2023, 10:30 AM

রাশিয়াকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে তুলনা করেছে ইউক্রেইন। রুশ সেনার হাতে এক ইউক্রেইনীয় সেনার শিরশ্ছেদের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর এ তুলনা করেছে কিইভ।

সেইসঙ্গে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)-কেও ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছে তারা।

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শিরশ্ছেদের ভিডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

ভিডিওতে দেখা গেছে, উর্দি পরা এক ব্যক্তি অপর এক ব্যক্তির শিরশ্ছেদ করছে। যে ব্যক্তির শিরশ্ছেদ করা হচ্ছে তার বাহুতে হলুদ রঙের ব্যান্ড রয়েছে, যা সাধারণত ইউক্রেইনীয় সেনারা ব্যবহার করে।

ক্রেমলিন ভিডিওটিকে ভয়াবহ বলে বর্ণনা করেছে। তবে বলেছে, এই ভিডিও’র সত্যতা যাচাই করা প্রয়োজন। রাশিয়া এর আগে ইউক্রেইন যুদ্ধে তাদের সেনাদের নৃশংস আচরণ করার বিষয়টি অস্বীকার করেছে।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, এটি এমন কিছু যা বিশ্ব উপেক্ষা করতে পারে না। এই পশুরা কী সহজে হত্যা করে! সবকিছুর জন্য আইনি দায় থাকবে। সন্ত্রাসের পরাজয় হওয়া জরুরি।”

ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে লিখেছেন, “রুশ সেনাদের এক ইউক্রেইনীয় যুদ্ধবন্দিকে শিরশ্ছেদ করার ভয়ঙ্কর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

“আইএস এর চেয়েও খারাপ রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে, এটি অদ্ভুত। ইউক্রেইন ও জাতিসংঘ থেকে রুশ সন্ত্রাসীদের তাড়িয়ে দিতে হবে এবং তাদের অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

সিরিয়া ও ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএস বন্দিদের শিরশ্ছেদের ভিডিও প্রকাশের জন্য কুখ্যাতি পেয়েছিল। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই দেশের বিশাল ভূখণ্ড আইএস এর নিয়ন্ত্রণে ছিল। 

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “সবার আগে এই ভুয়ার যে জগতে আমরা বাস করছি, সেখানে আমাদেরকে ভিডিওটির সত্যতা যাচাই করতে হবে। এরপর এটি সত্য না মিথ্যা, কী ঘটেছে এবং যদি ঘটে থাকে তাহলে কোথায় এবং কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে হবে।”