২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেতানিয়াহু জানেন বস কে’: মন্তব্য ট্রাম্পের

এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেই তার সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকের অনুরোধ করেছেন।

‘নেতানিয়াহু জানেন বস কে’: মন্তব্য ট্রাম্পের
ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 09:56 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

হোয়াইট হাউজে সম্ভাব্য একটি শীর্ষ পর্যায়ের বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে আধিপত্যবাদী মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

শনিবার মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, নেতানিয়াহু নিজেই তার সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকের অনুরোধ করেছেন। 

নেটো সম্মেলন থেকে ট্রাম্প ফেরার পর আগামী সপ্তাহেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

অ্যাক্সিওসকে ফোনে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে নিজের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “আমাদের সম্পর্ক খুব ভালো। তবে নেতানিয়াহু জানেন আসল বস কে।”

ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে দুই নেতার নাটকীয় বৈঠকের পর এটিই হতে যাচ্ছে তাদের প্রথম দ্বিপক্ষীয় সাক্ষাৎ। 

ওই ফেব্রুয়ারির বৈঠকেই ট্রাম্পের কাছে ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরুর পরিকল্পনা পেশ করেছিলেন নেতানিয়াহু।

আগামী ৭-৮ জুলাই তুরস্কে নেটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ট্রাম্পের এই তুরস্ক সফরের কারণে আগামী সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক কিছুটা কঠিন হতে পারে বলে জানিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। তার মতে, বৈঠকটি তার পরের সপ্তাহেও গড়াতে পারে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান নেতানিয়াহু। 

নেতানিয়াহুর কার্যালয় জানায়, “কথোপকথনে প্রধানমন্ত্রী বলেছেন যে যুক্তরাষ্ট্র বৈশ্বিক স্বাধীনতার জামিনদার এবং দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ককে ইসরায়েল অত্যন্ত মূল্যায়ন করে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ট্রাম্প শিগগিরই যুক্তরাষ্ট্রে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।”

বিগত কয়েক মাসে ট্রাম্পের ঘনিষ্ঠজনদের মধ্যে নেতানিয়াহুকে নিয়ে মোহভঙ্গ ও সংশয় তৈরি হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেন, “ট্রাম্পের অনেক ঘনিষ্ঠ উপদেষ্টা মনে করেন বিবি (নেতানিয়াহু) সব বিষয়েই ভুল ছিলেন।”

গত মাসে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ উগরে দিয়েছিলেন ট্রাম্প। একটি ফোনালাপে তিনি নেতানিয়াহুকে ‘পাগল’ বলে আখ্যা দেন এবং তার বিরুদ্ধে ‘অকৃতজ্ঞতার’ অভিযোগ তোলেন। 

ইসরায়েল ও যুদ্ধকে কেন্দ্র করে এই উত্তেজনা ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ভেতরেও বড় বিভেদ তৈরি করেছে। এমনকি টাকার কার্লসনের মতো ট্রাম্পের এক সময়ের কট্টর সমর্থকরাও এখন ট্রাম্পের সমালোচনায় মেতেছেন আর ট্রাম্প নেতানিয়াহুর কাছে দায়বদ্ধ হয়ে আছেন বলে অভিযোগ করেছেন।  

গত দুই মাসে পশ্চিম এশিয়ার যুদ্ধ ও আঞ্চলিক বিভিন্ন সমস্যার মধ্যে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থের সূত্রে জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির উদ্দেশ্য নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। 

নেতানিয়াহুর আপত্তি সত্ত্বেও গত মাসে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং নতুন করে পরমাণু আলোচনা শুরু করতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ট্রাম্প। এছাড়া লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান সীমিত করতে নেতানিয়াহুর ওপর চাপ দেন তিনি, কারণ লেবাননের যুদ্ধ ইরানের সঙ্গে আলোচনায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল।

নেতানিয়াহুর জন্য ট্রাম্পের সঙ্গে এই বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্টোবরে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে জনমত জরিপে বর্তমানে নেতানিয়াহু বেশ পিছিয়ে রয়েছেন।