Published : 06 Nov 2025, 12:17 AM
নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম ও ১৩৬ বছরের মধ্যে সবচেয়ে কমবয়সী মেয়র নির্বাচিত হয়ে শহরটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন গণতান্ত্রিক সমাজতন্ত্রী জোহরান মামদানি।
তার বিজয় উদযাপনেও দেখা গেছে বড় চমক। ফল ঘোষণার পর তার বিজয় ভাষণ শেষ হতেই মঞ্চে বাজতে শুরু করে বলিউড সিনেমার জনপ্রিয় গান ‘ধুম মচালে’।
ভারতীয় পত্রিকা এনডিটিভি লিখেছে, গানের তালে হাত নাড়িয়ে মামদানি অভিবাদন জানান সমর্থকদের, এরপর স্ত্রী রামা দুয়াজির দিকে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করেন।
কিছুক্ষণ পর যোগ দেন তার বাবা উগান্ডার খ্যাতিমান পণ্ডিত মাহমুদ মামদানি, এবং মা ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের সঙ্গে।
‘ধুম মচালে’ গান বাজানোর সেই মুহূর্তের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ এই পুরো মুহূর্তকে বলছেন ‘স্বপ্নীল আভা’, কারও কাছে এটি ‘নিউ ইয়র্কের রাজনীতিকে নাড়িয়ে দেওয়া প্রচারের যথাযথ সমাপ্তি’।
অনেকে একে ‘বাস্তব জীবনের’ বলিউডি চলচ্চিত্র হিসেবেও অভিহিত করেছেন।
জ্বালাময়ী বিজয় ভাষণে মামদানি তাকে নির্বাচিত করায় তরুণ প্রজন্মকে ধন্যবাদ দিয়েছেন।
বলেছেন, “আমরা লড়ব আপনাদের জন্য, কারণ আমরা আপনাদেরই অংশ। ভবিষ্যৎ আমাদের হাতে। বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক পরম্পরাকে উচ্ছেদ করেছি।”
মামদানি আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন।