পারমাণবিক কর্মসূচি নয়, ইরানকে আত্মসমর্পণ করাতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: খামেনি
আত্মসমর্পণ শব্দটি ইরানের অভিধানে নেই- যুদ্ধবিরতির পর প্রথম প্রকাশ্য বার্তায় বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলার প্রকৃত লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধে বাধ্য করা নয়, বরং দেশটিকে ‘আত্মসমর্পণে’ বাধ্য করা।
ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির পর প্রথম প্রকাশ্য বার্তায় তিনি বলেন, “কখনও তারা মানবাধিকারের কথা বলে, কখনও নারীদের অধিকার, আবার কখনও পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র নিয়ে কথা তোলে। কিন্তু আসলে সবসময় তাদের একটাই লক্ষ্য—ইরান যেন আত্মসমর্পণ করে।”
খামেনির ভাষ্য, “আত্মসমর্পণ শব্দটি আমাদের অভিধানে নেই।” তিনি বলেন, “ইরানি জনগণ তাদের ঐক্য দেখিয়েছে, এক কণ্ঠে কথা বলেছে—এই জাতি ঐক্যবদ্ধ।
“ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের ডাক দিয়েছিলেন, কিন্তু এমন কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখে বেমানান। প্রেসিডেন্ট খুব বেশি বড় মন্তব্য করে ফেলেছিলেন। ইরানের মতো একটি মহান দেশ ও জাতির কাছে আত্মসমর্পণের কথা তোলাটাই অপমানজনক।”
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও হামলার হুমকি দিয়ে খামেনি বলেছেন, “যদি আবার কোনও হামলা হয়, তবে শত্রুপক্ষকে চড়া মূল্য দিতে হবে।”
ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধবিরতির অবসানের দুই দিন পর খামেনি এসব কথা বললেন।
ইরানের স্থানীয় সময় দুপুর দুইটার দিকে রাষ্ট্রীয় টিভিতে খামেনির পূর্ণ ভিডিও বার্তা সম্প্রচার হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তার ভাষণের বক্তব্য প্রকাশ্যে এসেছে।
পরে রাষ্ট্রীয় টিভি তার ভিডিও বার্তা সম্প্রচার করে। এতে খামেনি ইরানে যুক্তরাষ্ট্রর হামলায় পারমাণবিক স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য কোনও ক্ষয়ক্ষতি ঘটেনি বলেই দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়ার দাবির সরাসরি বিরোধিতা করে এই মন্তব্য করেন খামেনি।
একই সঙ্গে দেশের মানুষের ঐক্য, আত্মসমর্পণের দাবির কাছে মাথা নত না করা এবং ভবিষ্যৎ হামলার ক্ষেত্রে শত্রুপক্ষকে কড়া জবাব দেওয়া নিয়ে দেশবাসীকে ইরানের অবিচল থাকারই বার্তা দিয়েছেন খামেনি।
এর আগে, সামাজিক মাধ্যমের পোস্টে খামেনি বলেছিলেন, কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান “যুক্তরাষ্ট্রের মুখে সজোরে চপেটাঘাত করেছে”। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে "ইরান বিজয় অর্জন করেছে"- এমন কথাও পোস্টে লেখেন তিনি।
