Published : 27 Oct 2025, 11:24 AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মালয়েশিয়ার কুয়ালামপুর সফর শেষে সোমবার জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে রওনা হয়েছেন।
টোকিওতে ট্রাম্পের জাপানের সম্রাট ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বাণিজ্য চুক্তি, বিনিয়োগ ও প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির লক্ষ্য নিয়ে এবার পাঁচ দিনের এশিয়া সফরে এসেছেন ট্রাম্প। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে এটাই তার দীর্ঘতম বিদেশ সফর।
সফরের শুরুতে মালয়েশিয়ায় ট্রাম্প দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বেশ কিছু চুক্তি করেছেন বলে ঘোষণা দিয়েছেন। কুয়ালালামপুরে তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর তত্ত্বাবধান করেন।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্পের এশিয়ার সফর শেষ হবে বলে ধারণা করা হচ্ছে; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্র ও চীন, বিশ্বের শীর্ষ এ দুই অর্থনীতির আলোচকরা একটা ধ্বংসাত্মক বাণিজ্য যুদ্ধের পুনরুত্থান এড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শাস্তিমূলক আমদানি শুল্ক আরোপের ক্ষেত্রে ছাড় দিয়ে ট্রাম্প ইতোমধ্যে জাপান থেকে ৫৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন। এরপরও যুক্তরাষ্ট্র থেকে পিকআপ ট্রাক, সয়াবিন ও গ্যাস আমদানির প্রতিশ্রুতি দিয়ে তাকাইচির ট্রাম্পকে আরও সন্তুষ্ট করার আশা করছেন।

কুয়ালালামপুর ছাড়ার কিছুক্ষণ পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, “মাত্র মালয়েশিয়া ছাড়লাম। একটি মহান ও প্রাণবন্ত দেশ। গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিরল মৃত্তিকা চুক্তি করেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি করেছি। যুদ্ধ নয়! লাখ লাখ জীবন রক্ষা পেয়েছে।
“এটি করতে পেরে অত্যন্ত সম্মানিতবোধ করছি। এখন জাপানের পথে!!!”
গত সপ্তাহে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। শনিবার করা প্রথম ফোন কলে তাকাইচি ট্রাম্পকে বলেছেন, জাপান ও যুক্তরাষ্ট্রের মিত্রতা আরও সুদৃঢ় করা তার ‘শীর্ষ অগ্রাধিকার’।
ট্রাম্পের আগমণ উপলক্ষ্যে টোকিওজুড়ে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে শুক্রবার টোকিওর মার্কিন দূতাবাসের সামনে থেকে ছুরিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আর টোকিওর কেন্দ্রস্থল শিনজুকুতে ট্রাম্পবিরোধী প্রতিবাদের পরিকল্পনা থাকায় উত্তেজনায় আরও মাত্রা যোগ হয়েছে।
আরও পড়ুন:
ট্রাম্প-শি বৈঠকের আগে বাণিজ্য নিয়ে একমত চীন-যুক্তরাষ্ট্র
ট্রাম্পের উপস্থিতিতে 'শান্তি চুক্তিতে' সই থাইল্যান্ড-কম্বোডিয়ার