২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাওয়ার গ্রিডে হামলা, অন্ধকারে ডুবে যাচ্ছে ইউক্রেইন

শীত মৌসুম আসন্ন, তার আগেই ইউক্রেইনের জনগণ বিদ্যুতের ব্যবহার সীমিত করতে বাধ্য হচ্ছে। ব্ল্যাকআউটের আশঙ্কাও দিন দিন বাড়ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 07:19 PM

Updated : 22 Oct 2022, 07:19 PM

ইউক্রেইনকে অন্ধকারে ডুবিয়ে দিতে দেশটির আরো কয়েকটি ‘পাওয়ার গ্রিডে’ বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

গত সপ্তাহের সোমবার থেকে ইউক্রেইনের পাওয়ার স্টেশনগুলোতে বিমান হামলা শুরু করে রাশিয়া। এরইমধ্যে দেশটির প্রায় একতৃতীয়াংশ পাওয়ার স্টেশন ধ্বংস হয়ে গেছে বলে জানায় বিবিসি।

শনিবার ইউক্রেইনের কর্মকর্তারা জানান, রুশ বাহিনী রাজধানী কিইভের দক্ষিণ-পূর্বে চেরক্সি অঞ্চলের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে’ হামলা করেছে। স্মিলা শহরের কাছে বড় ধরণের অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে।

দেশটির একেবারে পশ্চিমের খমেলনিৎস্কি নগরী পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ওডেসা থেকেও বিমান হামলা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর এসেছে।

ইউক্রেইনের বিদ্যুৎ বিতরণ কোম্পানির পক্ষ থেকে বলা হয়, তারা রাজধানী কিইভসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সীমিত করতে বাধ্য হয়েছে।

প্রায় আট ‍মাস আগে শুরু হওয়া যুদ্ধে গত বৃহস্পতিবারই প্রথম ইউক্রেইন সরকার বিদ্যুৎ সাশ্রয়ে জনগণের উপর এর ব্যবহার সীমিত করার বিধি আরোপ করে।

সম্প্রতি ইউক্রেইনের উপর আকাশ হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। শনিবার সকালেও হামলা অব্যাহত ছিল এবং ইউক্রেইনের বিমান বাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে।

পুরনো খবর:

রাশিয়ার হামলার পর বিদ্যুৎ ব্যবহার সীমিত করেছে ইউক্রেইন

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘‘রাশিয়া এখন সম্মুখ যুদ্ধক্ষেত্রের পেছনে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ইউক্রেইনের ভূখণ্ডের মুক্তি বন্ধ করার আশায় আছে। কিন্তু, তাদের সে আশা পূরণ হবে না। বরং এই হামলাগুলো কেবল আরও শক্তিশালী প্রতিক্রিয়ার দিকে নিয়ে যাবে।”

গত শুক্রবার জেলেনস্কি ‍অভিযোগ করে বলেছিলেন, রাশিয়া ইউক্রেইনের দক্ষিণের খেরসন অঞ্চলের একটি হাইড্রোইলেক্ট্রিক বাধ ধ্বংস করে দেয়ার পরিকল্পনা করছে।

তিনি বলেন, যদি কাখোভকা হাইড্রোপাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দেয়া হয় তবে ওই অঞ্চলের লাখো মানুষ ভয়াবহ বন্যা কবলিত হবে।

রাশিয়া অবশ্য বলেছে, তাদের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। বরং ইউক্রেইনের সেনারা ওই বাধ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

যদিও উভয়পক্ষের কেউই তাদের দাবির পক্ষে ‍কোনো প্রমাণ দেখাতে পারেনি।

দনিপ্রো নদীর উপর দিয়ে খেরসন অঞ্চলে যাওয়ার যে দু-একটি সড়ক এখনো চলাচলের উপযোগী আছে তার একটি ওই বাধের উপর দিয়ে গেছে। খেরসন অঞ্চলের বেশ খানিকটার দখল এখন রুশ বাহিনীর হাতে।

ইউক্রেইনের সেনাবাহিনী ওই অঞ্চল পুনঃদখল করতে হামলা চালাতে পারে আশঙ্কায় রাশিয়া তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে।