২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধবিরতি ‘প্রত্যাশার চেয়ে ভাল যাচ্ছে’: জেডি ভ্যান্স

ইসরায়েল সফরকালে সতর্ক করে দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এও বলেন, ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস সহযোগিতা না করলে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

গাজায় যুদ্ধবিরতি ‘প্রত্যাশার চেয়ে ভাল যাচ্ছে’: জেডি ভ্যান্স
ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন জে ডি ভ্যান্স। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 01:49 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন  ‘যতটা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও ভাল যাচ্ছে’ এবং এই বিরতি বহাল থাকতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 

ইসরায়েল সফরকালে তিনি একথা বলেন। সতর্ক করে দিয়ে ভ্যান্স এও বলেন যে, ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস সহযোগিতা না করলে ‘তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে’। 

তবে তিনি হামাসের নিরস্ত্র হওয়ার কোনও সময়সীমা বেঁধে দেননি। এটি ট্রাম্প প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তির একটি শর্ত, যা হামাস এখনও মেনে নিতে রাজি হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এ মাসের শুরুতে হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম ইসরায়েল সফর করছেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।

তিনি বলেন, “ইসরায়েল চুক্তির মূল লক্ষ্য পূরণে উল্লেখযোগ্যভাবে সহযোগিতা করছে, তবে সামনে এখনও অনেক কাজ বাকি।”

গত রোববার গাজায় নতুন সহিংসতা ছড়িয়ে পড়ায় চলতি এই যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ে। ইসরায়েল জানায়, হামাসের এক হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছে। 

এর প্রতিশোধে ইসরায়েল বিমান হামলা চালায়। সেই হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয় বলে জানিয়েছে বিবিসি।

এই ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “এখনও আশা আছে হামাস সঠিক পদক্ষেপ নেবে। যদি তারা তা না করে, হামাসের পরিণতি দ্রুতই ভয়াবহ এবং নির্মম হবে।”

 ইসরায়েলের মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে সফরে গেছেন ট্রাম্পের দুই দূত—স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

 তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন এবং গাজা নিয়ে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার পরবর্তী ধাপ শুরুর বিষয়ে আলোচনা করেন।

মার্কিন প্রশাসন চাইছে, দ্বিতীয় ধাপে গাজায় একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন, আন্তর্জাতিক বাহিনীর মোতায়েন, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণ কার্যকর করা হবে। 

তবে ইসরায়েল জানিয়েছে, হামাস নিহত সব জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত তারা এমন আলোচনায় অংশ নেবে না।

এরই মধ্যে হামাস তাদের হাতে থাকা ২৮ জিম্মির মধ্যে ১৩ জনের মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। তাছাড়া, গত সপ্তাহে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২০ জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে তারা।