যুক্তরাজ্যে ধর্মঘটে শিক্ষক ও সরকারি চাকরিজীবীরা
ধর্মঘটের কারণে দেশজুড়ে এদিন স্কুল বন্ধ রাখা হয়; ট্রেন চলাচলও প্রায় বন্ধই ছিল।
বেতন বৃদ্ধি ও কাজের পরিবেশের উন্নতির দাবিতে বুধবার যুক্তরাজ্যের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি চাকরিজীবী ও ট্রেন চালকসহ পাঁচ লাখের বেশি পেশাজীবী ধর্মঘট পালন করছেন।
তাদের ধর্মঘটের কারণে যুক্তরাজ্যজুড়ে এদিন স্কুল বন্ধ রাখা হয়। ট্রেন চলাচলও প্রায় বন্ধই ছিল। সীমান্তে নিরাপত্তা তল্লাশির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছিল।
দেশটিতে গত এক দশকের মধ্যে এত বৃহৎ ধর্মঘট আর দেখা যায়নি। এদিন প্রায় তিন লাখ শিক্ষক ধর্মঘটে অংশ নেন বলে ধারণা করা হয়।
ন্যাশনাল এডুকেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মেরি বুস্টেড রয়টার্সকে বলেন, ‘‘যেভাবে বেতন হ্রাস পাচ্ছে তার অর্থ হচ্ছে, প্রচুর মানুষ এই পেশা ছেড়ে চলে যাবেন। ফলে যারা থেকে যাবেন তাদের জন্য কাজ চালিয়ে নেওয়া আরও কঠিন হয়ে পড়বে। তাই আমাদের ইউনিয়নের শিক্ষকদের সামনে এই ধর্মঘটে অংশ নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।”
সাউথ লন্ডনের কাছের একটি স্কুলের এই শিক্ষক আরও বলেন, ‘‘গত এক যুগে শিক্ষকদের বেতন-ভাতা এতটাই হ্রাস পেয়েছে যা সত্যিই বিপর্যয়কর।
‘‘আমার পেছনে যারা আছেন তাদের কেউই আজকের ধর্মঘটে অংশ নিতে আগ্রহী নন। কিন্তু ইচ্ছার বিরুদ্ধে গিয়েই তারা বলেছেন, যথেষ্ট হয়েছে এবং এবার অবশ্যই সবকিছুর একটা পরিবর্তন দরকার।”
যুক্তরাজ্যে বর্তমানে মূল্যস্ফীতির হার ১০ শতাংশের বেশি। যা গত চার দশকের মধ্যে সর্বোচ্চ। গত কয়েক মাসে স্বাস্থ্য, পরিবহন, অ্যামাজন ওয়্যারহাউজ ও রয়্যাল মেইলসহ বিভিন্ন সেক্টরের কর্মীরা ধর্মঘট করেছেন।
তবে পেশাজীবীরা যতই ধর্মঘট করুন, দেশ ও বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে সরকার যে কৌশল নিয়েছে তাতে অনড় থাকার কথা বুধবার পুনরায় ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী জিলিয়ান কেগান।
ব্রিটিশ সরকার সরকারি চাকুরিজীবীদের বেতন-ভাতার বিষয়ে বেশ কঠোর অবস্থান নিয়েছে। বলেছে, তারা বেতন বাড়ানোর যে দাবি করছে তা পূরণ করা হলে কেবল মাত্র মূল্যস্ফীতি আরও খানিকটা বাড়বে।
বিবিসিকে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘শ্রমশক্তির একটি অংশের বেতন বৃদ্ধি করে মূল্যস্ফীতিকে আরেকটু বাড়তে দিয়ে আমরা সবার জন্য পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারি না। অর্থনৈতিকভাবে এটা করা বুদ্ধিমানের কাজ হবে না।”
কনসালটেন্সি ফার্ম সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)- এর অনুমান অনুযায়ী, গত আট মাসে ধর্মঘটের কারণে শিল্পকারখানার কাজে যে বিঘ্ন ঘটেছে তার প্রভাবে এখন পর্যন্ত অর্থনীতিতে বড় কোনো আঘাত লাগেনি। তবে ঋষি সুনাক সরকারের উপর এর রাজনৈতিক প্রভাব পড়তে পারে।
কারণ সাধারণ মানুষের মতে, সরকার এসব ধর্মঘট বন্ধে সঠিক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। ফলে জনমত জরিপ এবং সমীক্ষায় সুনাকের দল কনজারভেটির পার্টিকে বিরোধী লেবার পার্টির তুলনায় প্রায় ২৫ শতাংশ পয়েন্টে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে।
