তাইওয়ান পরিকল্পনা বাস্তবায়নে ‘গতি বাড়াতে চাইবেন’ শি’র নতুন জেনারেলরা
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পঞ্চবার্ষিক কংগ্রেস শেষে রোববার দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে নতুন তিন জেনারেলকে নিয়োগ দেওয়া হয়।
চীনের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে আসা নতুন জেনারেলরা হয়তো শি জিনপিংয়ের প্রতি তাদের রাজনৈতিক আনুগত্যের জন্যই নিয়োগ পেয়েছেন; তবে এই ঘনিষ্ঠতাই তাইওয়ানে আক্রমণের যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় এবং দ্রুত ও কার্যকরভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার সামরিক উদ্দেশ্যটি পূরণ করতে পারবে।
তাইওয়ানে পদক্ষেপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটব্যুরোর ৭ সদস্যের স্ট্যান্ডিং কমিটির হাতে থাকলেও তাদের সেন্ট্রাল মিলিটারি কমিশনকেই যুদ্ধ পরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়ন করতে হবে, বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন এশীয় ও পশ্চিমা ৮ সামরিক অ্যাটাশে।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পঞ্চবার্ষিক কংগ্রেস শেষে রোববার দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে নতুন তিন জেনারেলকে নিয়োগ দেওয়া হয়।
শেষ হওয়া এই কংগ্রেসে শি বলেছেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে ‘বল প্রয়োগ না করার প্রতিশ্রুতি’ চীন কখনোই দেবে না।
তাইওয়ানের বাহিনী এবং তাদের আন্তর্জাতিক সহযোগিতা গুছিয়ে ওঠার আগেই সামরিক বাহিনীকে প্রস্তুত ও পরিকল্পনা কার্যকরে চীনের যে কোনো পদক্ষেপেই গতি যে কতটা গুরুত্বপূর্ণ, তা ইউক্রেইনে রাশিয়ার ‘হাবুডুবু দশাই’ দেখাচ্ছে, বলেছেন চার নিরাপত্তা বিশ্লেষক ও চার সামরিক কর্মকর্তা।
“শি জিনপিং যদি তাইওয়ান আক্রমণে যান, তাহলে সেন্ট্রাল মিলিটারি কমিশন থেকে কোনো ভিন্নমত নিতে পারবেন না তিনি।
“সফল হওয়া নিশ্চিত করতে হলে তাদেরকে দ্রুতগতিতে, বজ্রগতিতে অগ্রসর হতে হবে। দোনোমোনো করার কোনো সুযোগ নেই। তাইওয়ান নিয়ে চীনের চিন্তাভাবনা সবসময় একই ছিল, ধীরগতিতে সামরিক বাহিনী ও রসদ প্রস্তুতের কারণে যে অচলাবস্থার সৃষ্টি হয় এবং সেটি এড়ানো যে জরুরি ইউক্রেইনে রাশিয়ার বিপর্যয় তা নিশ্চিতও করেছে,” বলেছেন সিঙ্গাপুরভিত্তিক সামরিক কৌশলগত উপদেষ্টা আলেক্সান্ডার নেইল।
প্রথম দুই মেয়াদে শি দুর্নীতির অভিযোগে হাজার হাজার কর্মকর্তাকে ‘কাবু’ করেছেন এবং সামরিক বাহিনীর ওপর দলের নিয়ন্ত্রণ আরও জোরদারে চেষ্টা করে গেছেন।
আর এবার সাত সদস্যের কমিশনে তিন নতুন জেনারেলকে নিয়োগ এবং অবসরের বয়সসীমা পার হওয়ার পরও ঘনিষ্ঠ সামরিক সহচর জেনারেল ঝাং ইয়োজিয়ার দায়িত্বের মেয়াদ বাড়িয়ে শি সামরিক কমান্ডের ওপর তার কর্তৃত্ব আরও শক্ত করেছেন।
“নজিরবিহীন এ পদক্ষেপের মাধ্যমে তিনি এক ঢিলে দুই পাখি মারার সুযোগ পেলেন। পিপলস লিবারেশন আর্মির শীর্ষ সেনা পদে অপারেশনাল কমান্ডে দক্ষ এবং রাজনৈতিকভাবে নির্ভরশীল একজনকে রাখা নিশ্চিত করলেন,” ঝাওয়ের মেয়াদ বাড়ানো নিয়ে বলেছেন সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সামরিক বিশেষজ্ঞ জেমস চার।
৭২ বছর বয়সী ঝাং চীনের সামরিক বাহিনীতে বেশ প্রভাবশালী। ২০২১ সালে চীনের সামরিক বাহিনীর আধুনিকায়ন নিয়ে পেন্টাগনের প্রতিবেদনে তাকে পিপলস লিবারেশন আর্মির ‘নৃপতি’ বলা হয়েছে। ১৯৪৯ সালে চীনা গৃহযুদ্ধের অন্তিম পর্যায়ে ঝাও-র বাবা শি’র বাবার সঙ্গে একসঙ্গে লড়েছিলেন।
ঝাং-এর অন্যতম শিষ্য জেনারেল লি শাংফুকেও এবার পদোন্নতি দিয়ে কমিশনে নিয়ে আসা হয়েছে। তিনি ইলেকট্রনিক, সাইবার ও মহাকাশ যুদ্ধকৌশল দেখভালের দায়িত্বে থাকা পিপলস লিবারেশন আর্মির ডিজিটাইজড স্ট্র্যাটেজিক সাপোর্ট বাহিনীতে ছিলেন।
জেনারেল হে ওয়েইডংকে ঝাংয়ের নিচে কমিশনের সেকেন্ড ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তাইওয়ান বিষয়ক কার্যক্রম যার অধীনে, সেই চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডে দায়িত্ব পালনের পর তার এই পদোন্নতি হল।
তাইপেতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর অগাস্টে চীন তাইওয়ানের আশপাশে যে মহড়া ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, তা দেখভালের দায়িত্বে ছিলেন হে।
শি যখন ফুজিয়ানে ছিলেন, হে তখন সেখানে থার্টিফার্স্ট আর্মি গ্রুপেরও দায়িত্ব পালন করেছেন। সে সময় থেকেই দুইজনের মধ্যে ভালো যোগাযোগ।
থার্টিফার্স্ট গ্রুপ আর্মিতে থাকা অ্যাডমিরাল মিয়াও হুয়া-ও এবারের কমিশনে আছেন।
সামরিক কমিশনের নতুন লাইন আপে স্থান পেয়েছেন জেনারেল লিউ ঝেনলিও; তিনি বেইজিংয়ের আশপাশের বিভিন্ন বাহিনীর নেতৃত্বে ছিলেন, চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী পিপলস আর্মড পুলিশে কাজ করারও অভিজ্ঞতা আছে তার।
ঝাংয়ের মতো ৫৮ বছর বয়সী লিউরও গত শতকের ৮০-র দশকের শেষদিকে ভিয়েতনামের সঙ্গে হওয়া যুদ্ধের অভিজ্ঞতা আছে।
কমিশনের এই সদস্যদের মধ্যে একজন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংগের স্থলাভিষিক্ত হবেন; মার্চে ন্যাশনাল পিপলস কংগ্রেস নতুন সরকার অনুমোদন দেওয়ার পর নতুন ওই প্রতিরক্ষামন্ত্রীর নাম জানা যাবে।
আরও পড়ুন:
