১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার মহাকাশ শিল্প কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

একটি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। কী কারণে ওই বিস্ফোরণটি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার মহাকাশ শিল্প কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
হানওয়া এরোস্পেস কারখানার প্রধান ফটকের সামনে একজন পুলিশ কর্মকর্তা দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 01:36 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

দক্ষিণ কোরিয়ার দেজেওন শহরে হানওয়া মহাকাশ শিল্প সংস্থার একটি কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে।  

এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে বলে সোমবার কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। 

সোমবার এক সংবাদ সম্মেলনে দমকলের এক কর্মকর্তা জানিয়েছেন, আহত দুইজন ওই কারখানা থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন, তাদের মধ্যে একজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

এক স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, “কর্তৃপক্ষ এখনও নিহতদের শনাক্ত করতে পারেনি, কারণ তাদের দেহগুলো মারাত্মকভাবে পুড়ে গেছে।” 

এক দমকল কর্মকর্তা জানিয়েছেন, একটি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। কী কারণে ওই বিস্ফোরণটি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। 

হানওয়া একটি মহাকাশ শিল্প সংস্থা এবং একটি প্রতিরক্ষা কোম্পানি। দেজেওনে তাদের ওই কারখানাটিতে প্রোপালশন ইঞ্জিন ও রকেটের প্রোপেল্যান্ট তৈরি করা হয়।  

সংবাদ সম্মেলনে আরেক কর্মকর্তা জানান, জাতীয় নিরাপত্তা আইনের আওতায় সুরক্ষিত থাকায় কর্তৃপক্ষ কারখানাটির নকশা সংগ্রহ করতে পারেনি। 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মায়ুং এই দুর্ঘটনা মোকাবেলা করতে হাতে থাকা সব ধরনের সম্পদ ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। 

হানওয়া মহাকাশ শিল্প গোষ্ঠীর এক কর্মর্তা জানিয়েছেন, তারা ঘটনা তদন্ত করে দেখছেন।