চীনের সেনাবাহিনীতে ‘শুদ্ধি’ অভিযান নিয়ে মুখ খুললেন শি জিনপিং
চীনা নববর্ষ উপলক্ষে পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) দেওয়া শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট শি গতবছর সেনাবাহিনীর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন।
চীনা সেনাবাহিনীতে সম্প্রতি বড় ধরনের শুদ্ধি অভিযানে শীর্ষ জেনারেলদের অপসারণ নিয়ে জনসম্মুখে বিরল মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
মঙ্গলবার এক ভার্চুয়াল ভাষণে তিনি বলেন, গত বছরটি ছিল ‘বিশেষ’এবং ‘ব্যাতিক্রমী’, যেখানে সেনাবাহিনী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ‘বৈপ্লবিক পরিমিতাচারের’ মধ্য দিয়ে গেছে।
চীনা নববর্ষ উপলক্ষে পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) দেওয়া শুভেচ্ছাবার্তায় শি এই মন্তব্য করেন। ২০২২ সালের পর এই প্রথম তিনি তার বার্ষিক শুভেচ্ছাবার্তায় দুর্নীতির বিষয়টি সরাসরি উল্লেখ করলেন।
গত জানুয়ারিতে শি জিনপিংয়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জেনারেল ঝাং ইউক্সিয়াকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ৭৫ বছর বয়সী ঝাং ছিলেন শক্তিশালী সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) ভাইস-চেয়ারম্যান।
তার বিরুদ্ধে ‘শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়, যা চীনে সাধারণত দুর্নীতির সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। ঝাং-এর সঙ্গে জেনারেল লিউ ঝেনলিকেও পদচ্যুত করা হয়।
রেকর্ড অনুযায়ী, গত তিন বছরে মোট ১৪ জন পূর্ণ র্যাঙ্কের জেনারেলকে বরখাস্ত বা তদন্তের আওতায় আনা হয়েছে। গতবছর অক্টোবর মাসেও সিএমসি সদস্যসহ নয়জন শীর্ষ জেনারেলকে সরানো হয়েছিল।
এই শুদ্ধি অভিযানের ফলে সাত সদস্যের সিএমসি বর্তমানে কার্যত শি জিনপিং ও অন্য আরেকজনকে নিয়ে দুই সদস্যে এসে ঠেকেছে। সম্প্রতি প্রেসিডেন্ট শি জিনপিং যে মন্তব্য করেছেন, তেমনটি তিনি সচরাচর করেন না।
চীনের কড়া-নিয়ন্ত্রণাধীন গণমাধ্যমে তিনি কখনও সাংবাদ সম্মেলন করেন না এমনকী সাক্ষাৎকারও দেন না। তবে তারপরও তিনি মাঝে মাঝে জনগণকে আশ্বস্ত করেন, বিশেষ করে দলের ক্যাডারদেরকে, এটাই বোঝাতে যে, তিনি যা করছেন তার কিছু একটা অর্থ আছে।
সেনাবাহিনীতে দমন-পীড়ন নিয়ে মুখ খুলে সম্ভবত শি তাদেরকে বোঝাতে চেয়েছেন তার একটি পরিকল্পনা আছে। বিশেষ করে সাম্প্রতিক শুদ্ধি অভিযানের ফলে সামনের দিনগুলোতে সেনাবাহিনীর লড়াই করা এবং যুদ্ধ জয়ের সক্ষমতার ওপর প্রভাবের প্রেক্ষাপটে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে কমিউনিস্ট পার্টির জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে অভিহিত করে আসছেন এবং তার শাসনের একটি মূল স্তম্ভ হয়ে আছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই।
তবে সমালোচকদের মতে, তিনি এই অভিযানকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমনের হাতিয়ার হিসেবেও ব্যবহার করেন।
