২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কয়েকজন নিহত

ইউক্রেইনের রাজধানী কিইভে কামিকাজে ড্রোন হামলায় চারজন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় সামি অঞ্চলে রকেট হামলায় চারজন নিহত হয়েছে।

ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কয়েকজন নিহত

ইউক্রেইনের ভূপাতিত করা একটি শাহেদ-১৩৬ কামিকাজে ড্রোনের ধ্বংসাবশেষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 09:43 PM

Updated : 17 Oct 2022, 09:43 PM

ইউক্রেইনজুড়ে রাশিয়া ‘সারারাত এবং সারা সকাল’ ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা নাগরিকদেরকে ভীত-সন্ত্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেইনের রাজধানী কিইভে কামিকাজে ড্রোন হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ চারজন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এছাড়া, উত্তর-পূর্বাঞ্চলীয় সামি অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রকেট হামলায় সেখানে নিহত হয়েছে চারজন।

সোমবার সকালের ব্যস্ত সময়ে ইউক্রেইনের রাজধানী কিইভের কেন্দ্রস্থলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। একইসঙ্গে ইউক্রেইনজুড়ে অন্যান্য শহরেও গোলা নিক্ষেপ করেছে তারা।

যুদ্ধক্ষেত্র থেকে রুশ বাহিনী পিছু হটার পর এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন হামলা হল। কিইভে রাশিয়া যে কামিকাজে ড্রোন হামলা চালাচ্ছে তা ইরান সরবরাহ করছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন ‘কামিকাজে’ ড্রোন নামেও পরিচিত। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ইউক্রেইন যুদ্ধে রাশিয়া এই ড্রোন ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি।

এসব ড্রোন বিস্ফোরক বহন করতে পারে এবং হামলা চালানোর সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। রাডারে এই ধরনের ড্রোনের উপস্থিতি শনাক্ত করা কঠিন। ড্রোনগুলো দামেও সস্তা।

ইউক্রেইনের সেনারা এই ড্রোনগুলো ভূপাতিত করার চেষ্টা করছে। একটি ভিডিও ফুটেজে ইউক্রেইনের জাতীয় পুলিশকে ড্রোন গুলি করে ভূপাতিত করতে দেখাও গেছে বলে জানিয়েছে বিবিসি।

কিইভের মেয়র জানিয়েছেন, রাজধানীতে ২৮ টি ড্রোন হামলা হয়েছে। এর মধ্যে পাঁচটি ড্রোন লক্ষ্যে আঘাত হেনেছে। এছাড়া কিইভের আবাসিক এলাকায় রকেট হামলাতেও ভবন ধ্বংস হয়েছে।

অক্টোবরের শুরুতে ইউক্রেইনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা হামলা করতে আসা শাহেদ-১৩৬ ড্রোনের ৬০ শতাংশই রুখে দিচ্ছে।

রাশিয়ার হাতে ইরানের তৈরি এই ড্রোন কতগুলো আছে তার সঠিক সংখ্যা জানা নেই। তবে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়াকে শত শত কামিকাজে ড্রোন পাঠানোর পরিকল্পনা করেছে ইরান। যদিও ইরান এমন কথা অস্বীকার করেছে।