ব্রিটিশ আফ্রিকান-ক্যারিবিয়ান পত্রিকা সম্পাদনায় প্রিন্স চার্লস
পত্রিকাটি প্রতিষ্ঠা করা হয়েছিল ১৯৮২ সালে। যুক্তরাজ্যে কৃষ্নাঙ্গদের বিভন্ন বিষয় এবং সংস্কৃতি নিয়ে খবর প্রকাশের একমাত্র পত্রিকা এটি।
যুক্তরাজ্যের প্রিন্স অব ওয়েলস চার্লস অতিথি সম্পাদক হিসাবে ব্রিটিশ আফ্রিকান-ক্যারিবিয়ান পত্রিকা ‘দ্য ভয়েস’ এর ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে এর বিশেষ একটি সংস্করণ সম্পাদনা করেছেন।
পত্রিকাটি প্রতিষ্ঠা করা হয়েছিল ১৯৮২ সালে। যুক্তরাজ্যে কৃষ্নাঙ্গদের বিভন্ন বিষয় এবং সংস্কৃতি নিয়ে খবর প্রকাশের একমাত্র পত্রিকা এটি।
বিবিসি জানায়, প্রিন্স চার্লস এই পত্রিকার প্রকাশনাকে ‘গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন। পত্রিকাটির বিশেষ সংস্করণ সম্পাদনার আমন্ত্রণ পেয়ে তিনি আপ্লুতও হয়েছেন বলে জানিয়েছেন।
পত্রিকাটির নতুন সংস্করণ বাজারে আসবে ১ সেপ্টেম্বরে। এতে থাকবে একজন অভিনেতার সাক্ষাৎকারসহ লন্ডনে ১৯৯৩ সালের বর্ণবাদী হামলায় মারা যাওয়া ১৮ বছরের এক শিক্ষার্থীর মা ডরিন লরেন্সের সাক্ষাৎকার।
এছাড়া, বুকার পুরস্কার জয়ী লেখক বার্নাডিন এভারিস্তোর সাক্ষাৎকারও এতে থাকছে।
পত্রিকাটির নির্বাহী সম্পাদক সিম্পসন বলেছেন, তার এই প্রকাশনা কৃষ্ণাঙ্গ ব্রিটিশ জীবনের একমাত্র রেকর্ড। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ এক ঐতিহাসিক রেকর্ড হয়ে থাকবে।
গত চার দশক ধরে পত্রিকটি আরও ব্যাপকভিত্তিক সমাজ গঠনের চেষ্টা চালিয়ে আসছে জানিয়ে সিম্পসন বলেন, প্রিন্স চার্লসের পত্রিকার বিশেষ সংস্করণ সম্পাদনার মধ্য দিয়ে সেই চেষ্টারই প্রতিফলন ঘটেছে।
তিনি বলেন, “আশা করি এই পদক্ষেপ আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে মিলেমিশে সহযোগিতার সঙ্গে কাজ করার ক্ষেত্রে অন্যদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
শিল্পক্ষেত্রে এবং সমাজে আফ্রিকান-ক্যারিবিয়ান সম্প্রদায়ের অবদানকে সম্মান জানিয়ে চার্লস ‘দ্য ভয়েস’ পত্রিকার সংস্করণটি সম্পাদনা করেন।
তবে অতিথি-সম্পাদাক হিসাবে প্রিন্স চার্লসের পত্রিকা সম্পাদনা অবশ্য এটিই প্রথম নয়। এর আগে অন্য আরও পত্রিকাও তিনি সম্পাদনা করেছেন, যার মধ্যে আছে ‘কান্ট্রি লাইফ’ পত্রিকা। এই পত্রিকার কয়েকটি সংস্করণ সম্পাদনা করেছিলেন চার্লস।
