ভারত থেকে ৫০ বছর আগে চুরি যাওয়া মূর্তির সন্ধান যুক্তরাষ্ট্রে
নিউ ইয়র্কের বোনহ্যামস অকশন হাউজে ১২শ’ শতকে নির্মিত হিন্দু দেবী পার্বতীর এই মূর্তির সন্ধান মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর একটি মন্দির থেকে ১৯৭১ সালে চুরি যাওয়া একটি দেবী মূর্তির খোঁজ মিলেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।
পুলিশ জানায়, নিউ ইয়র্কের বোনহ্যামস অকশন হাউজে ১২শ’ শতকে নির্মিত হিন্দু দেবী পার্বতীর ওই মূর্তিটির সন্ধান মেলে।
ব্যক্তি মালিকানাধীন বোনহ্যামস অকশন হাউজ একটি আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান। যার প্রধান কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে।
মূর্তিটি ভারতে ফেরত আনতে তামিলনাড়ু পুলিশের ‘আইডল উইং’ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেছে বলেও জানান পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
গত কয়েক বছর ধরে ভারত সরকার সে দেশে থেকে চুরি যাওয়া বা পাচার হওয়া মূর্তি ও প্রত্নতত্ত্ব ফেরত আনতে কাজ করছে।
গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ২০১৪ সালে তিনি ক্ষমতায় আসার পর থেকে ২০০টির বেশি মূর্তি সফলভাবে ভারতে ফেরত আনা হয়েছে।
তার মধ্যে ২০২০ সালে যুক্তরাজ্য সরকার ভারতকে ব্রোঞ্জের তৈরি তিনটি ভাস্কর্য ফেরত দেয়। যেগুলো ৪০ বছরের বেশি সময় আগে তামিলনাড়ুর মন্দির থেকে চুরি গিয়েছিল।
ফেরত আনা মূর্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ব্রোঞ্জের তৈরি হিন্দু দেবতা শিবের নৃত্যরত ‘নটরাজ’ মূর্তি। ৯০০ বছরের বেশি আগে তৈরি ওই মূর্তিটি ২০০৮ সালে অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারি ৫১ লাখ মার্কিন ডলারে কিনেছিল।
নিউ ইয়র্কে দেবী পার্বতীর যে মূর্তি পাওয়া গেছে, সেটি চুরি হওয়ার প্রথম অভিযোগ করা হয় ১৯৭১ সালে নাদানাপুরেশ্বরের শিব মন্দির থেকে।
মন্দিরের ট্রাস্টিরা ২০১৯ সালে পুলিশের কছে মূর্তিটি চুরি যাওয়ার অভিযোগ করলে সেটির খোঁজে তদন্ত শুরু হয়।
ওই মন্দির থেকে পাঁচটি মূর্তি চুরি যায়। যার মধ্যে ৫২ সেন্টিমিটার উচ্চতার ওই দেবী মূর্তিও রয়েছে। যেটির মূল্য প্রায় দুই লাখ ১৩ হাজার মার্কিন ডলার বলে জানায় পুলিশ।
বিবিসি জানায়, দশম শতাব্দি থেকে ১৩শ শতাব্দির মধ্যে ভারতের দক্ষিণে চোল রাজবংশের রাজত্বের শেষ অংশের সময় ওই মূর্তিটি নির্মাণ করা হয়।
বোনহ্যামস অকশন হাউজে বিক্রির জন্য রাখা একটি মূর্তির ছবি দেখে তামিল নাড়ু পুলিশের আইডল উইংয়ের সন্দেহ হলে তারা এ বিষয়ে একজন বিশেষজ্ঞের মতামত নেন এবং নিশ্চিত হওয়ার পর মূর্তিটির মালিকানা দাবি করেন।
তারা বলেন, ‘‘যেহেতু ভারত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন-১৯৭২ এর অংশ এবং তার ভিত্তিতে আমরা মূর্তিটির মালিকানা দাবি করার অধিকারী।”
বোনহ্যামস অকশন হাউজের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি বলে খবর বিবিসি’র।
