গর্বাচেভ জমানা ও সোভিয়েত পতন
মিখাইল গর্বাচেভ যখন শীর্ষ নেতা, তখন কী এমন ঘটেছিল, যাতে হুড়মুড় করে ভেঙে পড়েছিল সোভিয়েত ইউনিয়ন?
সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের মৃত্যু গত শতকের ৯০-এর দশকে স্নায়ুযুদ্ধের ইতি, রাশিয়ার সেসময়কার অভ্যন্তরীণ টালমাটাল ঘটনাপ্রবাহকে নতুন করে আলোচনায় এনেছে।
তিন দশক আগে তার হাত ধরে সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তির পর অনেকবারই গর্বাচেভ রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করেছিলেন, তবে সফল হতে পারেননি।
শেষ পর্যন্ত ৯১ বছর বয়সী গর্বাচেভ মঙ্গলবার মস্কোর একটি হাসপাতালে মারা যান। তিনি গুরুতর, দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন বলে হাসপাতালের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে।
এককালের এ কমিউনিস্ট নেতার ক্ষমতায় থাকার ৭ বছরের ঘটনাপ্রবাহ সেসময় এবং পরেও বিশ্বজুড়ে ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হয়েছে। সেসব ঘটনার কয়েকটির চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্চ, ১৯৮৫: কনস্তান্তিন চেরনেঙ্কোর মৃত্যুর পর পলিটব্যুরোর সবচেয়ে তরুণ সদস্য ৫৪ বছর বয়সী মিখাইল সের্গেইয়েভিচ গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির (সিপিএসইউ) জেনারেল সেক্রেটারি হন। তার নেওয়া পেরেস্ত্রইকা (পুনর্গঠন) ও গ্লাসনস্ত (উদারনীতি) অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে স্থবির দেশকে নাড়িয়ে দেয়।
নভেম্বর, ১৯৮৫: গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মধ্যে জেনিভাতে প্রথম সম্মেলন অনুষ্ঠিত। বৈরিতা ও ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র কমিয়ে পরিমাণ কমিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সিপিএসইউ-র শীর্ষ নেতা।
এপ্রিল, ১৯৮৬: চেরনোবিল পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণের পর তেজস্ক্রিয় মেঘ ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ে। সোভিয়েত কর্তৃপক্ষ এ দুর্ঘটনার কথা তিনদিন পর স্বীকার করে, যা গ্লাসনস্তের কার্যকারিতা নিয়ে সন্দেহ বাড়িয়ে দেয়।
ডিসেম্বর, ১৯৮৬: গর্বাচেভের ফোনের পর নির্বাসন থেকে মুক্তি মেলে ভিন্নমতবাদী আন্দোলনের জনক ড. আন্দ্রে শাখারভের। সোভিয়েতের সর্বশেষ নেতার আমলে অনেক রাজনৈতিক ও ধর্মীয় ভিন্নমতাবলম্বী ছাড়া পেয়েছিলেন।
মে, ১৯৮৭: হেলসিংকি থেকে ছোট হালকা বিমান নিয়ে উড়ে এসে সোভিয়েত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে মস্কোর রেড স্কয়ারে নামেন তরুণ জার্মান মাথিয়াস রাস্ট। এ ঘটনার পর গর্বাচেভ শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানে নামেন।
অক্টোবর, ১৯৮৭: পেরেস্ত্রইকার গতি নিয়ে গর্বাচেভের সঙ্গে বিবাদে জড়িয়ে ক্ষমতাসীন পলিটব্যুরো ছেড়ে দেন সুপরিচিত রুশ সংস্কারবাদী বরিস ইয়েলেৎসিন।
ডিসেম্বর, ১৯৮৭: ওয়াশিংটনে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ছোট করে আনার লক্ষ্যে প্রথম চুক্তিতে স্বাক্ষর করেন গর্বাচেভ ও রিগান। সোভিয়েত ও যুক্তরাষ্ট্রের মাঝারি পাল্লার সব পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলা হয়।
অক্টোবর, ১৯৮৮: জাতীয় আইনসভা সুপ্রিম সোভিয়েত প্রেসিডিয়ামের চেয়ারম্যান হয়ে ক্ষমতাকে আরও সুসংহত করেন গর্বাচেভ।
ফেব্রুয়ারি, ১৯৮৯: আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর ৯ বছরের অভিযানের সমাপ্তি। একাধিক বাল্টিক প্রজাতন্ত্র, জর্জিয়া ও ইউক্রেইনে স্বাধীনতাবাদী আন্দোলনের পালে হাওয়া।
মার্চ, ১৯৮৯: কংগ্রেস অব পিপলস ডেপুটিসের সদস্য বাছাইয়ে সোভিয়েত ইউনিয়নে প্রথম্ একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত। এ নির্বাচনে পুরনো অনেক কমিউনিস্ট নেতা স্বতন্ত্রদের কাছে পরাজিত হন; এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াতে বিচ্ছিন্নতবাদীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে।
নভেম্বর, ১৯৮৯: পূর্ব জার্মানি ও পূর্ব ইউরোপজুড়ে একের পর এক কমিউনিস্ট সরকারের পতন, সেসব সরকারকে টিকিয়ে রাখতে সোভিয়েত ইউনিয়নকে কোনো ধরনের চেষ্টা করতেও দেখা যায়নি।
ডিসেম্বর, ১৯৮৯: মাল্টায় এক সম্মেলনে গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র স্নায়ু যুদ্ধের অবসানে সন্তোষ প্রকাশ করেন।
ফেব্রুয়ারি, ১৯৯০: সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় কমিউনিস্ট পার্টিই থাকবে এমন নিয়মের অবসান। গর্বাচেভকে বিপুল ক্ষমতাসহ নির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব দিতে পার্লামেন্টে সম্মতি। সোভিয়েত ইউনিয়নজুড়ে সংস্কারপন্থিদের বিশাল বিশাল সমাবেশ।
অক্টোবর, ১৯৯০: ছয় বিশ্বশক্তির ব্যাপক দরকষাকষির পর পূর্ব ও পশ্চিম জার্মানির পুনরেকত্রীকরণ, এতে গর্বাচেভ মূল ভূমিকা পালন করেছিলেন। কমিউনিস্ট আমলের কেন্দ্রীভূত অর্থনীতির বদলে বাজার অর্থনীতির পক্ষের পরিকল্পনা সোভিয়েত পার্লামেন্টে অনুমোদন। গর্বাচেভের হাতে উঠল নোবেল শান্তি পুরস্কার।
নভেম্বর, ১৯৯০: প্রায় সব বিষয় নিয়ে ডিক্রি জারির ক্ষমতা গর্বাচেভকে দিল পার্লামেন্ট। তার প্রস্তাবিত একটি ইউনিয়ন চুক্তির প্রথম খসড়ায় ১৫টি প্রজাতন্ত্রকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়ার প্রস্তাব, তাতে স্বাক্ষরে অস্বীকৃতি লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও জর্জিয়ার।
জানুয়ারি, ১৯৯১: বাল্টিক প্রজাতন্ত্রগুলোতে স্বাধীনতাপন্থিদের কর্মসূচি গুড়িয়ে দিল সেনাবাহিনী। লিথুয়ানিয়ায় ১৪, লাটভিয়ায় ৫ জন নিহত।
মার্চ, ১৯৯১: সোভিয়েত ইউনিয়নকে ‘সমান সার্বভৌম প্রজাতন্ত্রগুলোর ফেডারেশন’ হিসেবে রেখে দেওয়ার প্রস্তাবের পক্ষে বিপুল জনরায়; তবে ছয়টি প্রজাতন্ত্র এই গণভোট বয়কট করেছিল।
এপ্রিল, ১৯৯১: পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে হওয়া ওয়ারশ প্যাক্ট বিলুপ্ত।
জুন, ১৯৯১: বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।
১৯ অগাস্ট, ১৯৯১: গর্বাচেভ অসুস্থ এই অজুহাত দেখিয়ে তার ডেপুটি গেন্নাদি যুনায়েভ নিজেকে কট্টরপন্থি কমিউনিস্ট জান্তা সরকারের প্রেসিডেন্ট ঘোষণা করেন। কিছু কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা। এস্তোনিয়ার পার্লামেন্টে স্বাধীনতার ঘোষণা।
২১ অগাস্ট, ১৯৯১: অভ্যুত্থান ব্যর্থ। কেন্দ্রের রক্ষণশীল কমিউনিস্টদের ক্ষমতা খর্ব, বিভিন্ন প্রজাতন্ত্রের বিচ্ছিন্নতাবাদীরা উল্লসিত। স্বাধীনতার ঘোষণা দিল লাটভিয়ার পার্লামেন্টও।
২৪ অগাস্ট, ১৯৯১: গর্বাচেভ কমিউনিস্ট পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগ করেন। কমিউনিস্ট পার্টির সম্পত্তি জব্দের নির্দেশ। সকল রাষ্ট্রীয় সংস্থা থেকে দলটিকে নিষিদ্ধ ঘোষণা। দলটি যেন নিজেরাই নিজেকে বিলুপ্ত ঘোষণা করে তার পরামর্শ দেওয়া হয়। ইউক্রেইনের পার্লামেন্টও নিজেদের স্বাধীন ঘোষণা করে। সপ্তাহখানেকের মধ্যে রাশিয়া ও কাজাখস্তান ছাড়া বাকিরাও একই পথ ধরে।
৬ সেপ্টেম্বর, ১৯৯১: লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার স্বাধীনতায় অনুমতি দেয় সোভিয়েতের সর্বোচ্চ আইন পরিষদ।
১৬ নভেম্বর, ১৯৯১: সোভিয়েতের প্রায় সব স্বর্ণ ও হীরার মজুদ এবয় তেল রপ্তানির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। পরে এটি অর্থনৈতিক মন্ত্রণালয়গুলোরও নিয়ন্ত্রণ নেয়।
৮ ডিসেম্বর, ১৯৯১: রাশিয়া, ইউক্রেইন ও বেলারুশিয়া কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হিসেবে আত্মপ্রকাশ করে, এখানে কেন্দ্রীয় কোনো কর্তৃপক্ষ বা গর্বাচেভের কোনো ভূমিকা থাকবে না এমন সিদ্ধান্তও হয়। প্রথমদিকে গর্বাচেভ এই নতুন ব্যবস্থায় স্বীকৃতি দিতে ও পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। তবে শেষ পর্যন্ত নিজের অক্ষমতাকে মেনে নেওয়া ছাড়া তার হাতে আর কোনো উপায় থাকে না।
২৫ ডিসেম্বর, ১৯৯১: গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। একইসঙ্গে সোভিয়েত ইউনিয়নেরও আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে।
