হরমুজ প্রণালি থেকে মাইন সরাতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে: ট্রাম্প
বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ অবরোধের হুঁশিয়ারি দেওয়ার পরই ‘ফক্স নিউজ’-কে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণ করতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ অবরোধের হুঁশিয়ারি দেওয়ার পরই ‘ফক্স নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান ট্রাম্প।
তিনি বলেন, আগে যুক্তরাষ্ট্র নেটো জোটকে নিয়ে খুবই হতাশ ছিল। তবে এখন তারা এসে প্রণালিটি মাইনমুক্ত করতে সহায়তা করতে চায়।
ট্রাম্প বলেন, “প্রণালিটি পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না। আমরা এই প্রণালি পরিষ্কার করব এবং এটি খুব শিগগিরই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে।”
তিনি জানান, “যুক্তরাষ্ট্র মাইন অপসারণকারী জাহাজ নিয়ে আসছে এবং যুক্তরাজ্যসহ পশ্চিমা সামরিক জোট নেটোর আরও কয়েকটি দেশও তা করবে।
ট্রাম্প বলেন, “আমার জানা মতে, যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশ মাইন অপসারণকারী জাহাজ পাঠাচ্ছে।”
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট রোববার জানান,যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালিতে ঢোকা বা সেখান থেকে বের হওয়ার চেষ্টায় থাকা যেকোনও জাহাজ অবরোধ করা শুরু করবে।
আন্তর্জাতিক জলসীমায় থাকা যে জাহাজগুলো ইরানকে কোনও ধরনের টোল দিয়েছে, সেগুলোর প্রত্যেকটিকে খুঁজে বের করে আটকানো হবে।
তাছাড়া, যেসব জাহাজ অবৈধ ভাবে টোল দেবে, তারা গভীর সমুদ্রে নিরাপদে চলাচল করতে পারবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাবি, সমুদ্রপথে কোথাও হয়ত কোনও মাইন পাতা আছে- এই অজুহাত দেখিয়ে ইরান হরমুজ প্রণালির দখল ধরে রেখেছে।
কারণ, ট্রাম্পের মতে, মাইন কোথায় পাতা আছে তা ইরান ছাড়া আর কেউ জানে না।
তিনি ট্রুথ সোশালে লেখেন, “হরমুজ প্রণালিতে ইরান যেসব মাইন পেতেছে, যুক্তরাষ্ট্র সেগুলো ধ্বংস করার কাজ করবে।
