ল্যুভ জাদুঘরে চুরি: আরও ৫ জন গ্রেপ্তার
গ্রেপ্তারদের একজনকে শনাক্ত করা হয় অপরাধ সংঘটিত হওয়ার স্থানে পাওয়া ডিএনএ থেকে।
প্যারিসের ল্যুভ জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে ১০ কোটি ডলারের বেশি মূল্যের অলঙ্কার ও রত্নসামগ্রী চুরির সঙ্গে যোগসাজশ থাকতে পারে সন্দেহে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ।
বৃহস্পতিবার এ গ্রেপ্তারের খবর দিয়ে প্যারিসের কৌঁসুলি শিগগিরই চুরি যাওয়া সামগ্রীর খোঁজ পাওয়া যাবে এমন আশাবাদও ব্যক্ত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কৌঁসুলি লর বেকো রেডিও স্টেশন আরটিএলকে জানান, বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে রাজধানী প্যারিসের বিভিন্ন অংশে চালানো সমন্বিত অভিযানে এ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের একজনকে শনাক্ত করা হয় অপরাধ সংঘটিত হওয়ার স্থানে পাওয়া ডিএনএ থেকে।
এর আগে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা ‘আংশিকভাবে স্বীকার’ করেছে বলে বেকো জানিয়েছিলেন। এদের একজনকে গ্রেপ্তার করা হয় বিমানে করে ফ্রান্স থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাকালে।
“ওই সময় আমাদের গ্রেপ্তার অভিযান জোরদার করতে হয়েছিল,” আরটিএলকে বলেন বেকো।
চুরি যাওয়া জিনিসগুলোর এখনও সন্ধান পাওয়া যায়নি, তবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত সম্বন্ধে আরও তথ্য পাওয়া যেতে পারে, আশা এ কৌঁসুলির।
চলতি মাসে এ চুরির ঘটনা বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থীর পা পড়া জাদুঘরটির নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ঘাটতির বিষয়কে সামনে নিয়ে এসেছে। দেশটির অনেকে একে ‘জাতীয় অপমান’ হিসেবেও দেখছেন।
দেড় সপ্তাহ আগে মাত্র চারজন প্রকাশ্যে দিবালোকে অ্যাপোলো গ্যালারিতে ওই চুরিটি ঘটায়, তবে এ কাণ্ডে আরও অনেকে জড়িত থাকতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বেকো।
