২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার উত্তরাঞ্চলে ট্যাংক হামলা, নিহত ৪২

হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হওয়া ঠেকাতে ইসরায়েলি বাহিনী প্রায় তিন সপ্তাহ আগে গাজার উত্তরাঞ্চলে অভিযান শুরু করে। এক সপ্তাহ আগে হামাস প্রধান ইয়াহিয়া আল-সিনওয়ার নিহত হওয়ার পর থেকে অভিযান জোরদার হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 04:56 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাংক হামলায় ৪২ জন নিহত হয়েছে। বুধবার এই হামলার ঘটনা ঘটে|

ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ছিটমহলের উত্তরাঞ্চল, আশপাশের হাসপাতাল ও শরণার্থী আশ্রয়কেন্দ্র ঘেরাও জোরদার করেছে। আশেপাশের বাসিন্দাদের দক্ষিণের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 

এদিকে, রয়টার্স গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে লিখেছে, তীব্র বোমা হামলা, গণবাস্তুচ্যুতি ও প্রবেশাধিকারের অভাবের কারণে তারা উত্তর গাজায় পোলিও টিকাদান কর্মসূচি স্থগিত রেখেছে।

হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হওয়া ঠেকাতে ইসরায়েলি বাহিনী প্রায় তিন সপ্তাহ আগে উত্তরাঞ্চলে অভিযান শুরু করে। এক সপ্তাহ আগে হামাস প্রধান ইয়াহিয়া আল-সিনওয়ার নিহত হওয়ার পর থেকে অভিযান জোরদার হয়েছে।

যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মিত্রদের ধারণা ছিল সিনওয়ারের মৃত্যুর পর যুদ্ধ বন্ধের ঘোষণা করবে ইসরায়েল। তবে এখন পর্যন্ত, ইসরায়েলি বাহিনী তাদের আক্রমণ আরও তীব্রতর করেছে। বিশেষ করে উত্তরাঞ্চল তাদের দখলে এখন।

ইসরায়েল বলেছে, হামাস যোদ্ধারা গাজায় পুনরায় যাতে সংগঠিত না হতে পারে তাই তারা তাদের অবস্থান জোরদার করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী গত শুক্রবার ঘোষণা করেছে, তারা গাজার উত্তর প্রান্তে জাবালিয়ায় আরেকটি সেনা ইউনিট পাঠিয়েছে। 

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, সেনারা আশ্রয়কেন্দ্র ঘেরাও করে বাস্তুচ্যুত লোকজনকে সরে যেতে বাধ্য করেছে। এমনকি তারা অনেককে আটক করেছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৫০ জন নিহত হয়েছে।

গাজার সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী হামাসের কিছু কর্মীকে স্থান ত্যাগ করার নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পর গাজার উত্তরাঞ্চলে তাদের তিন উদ্ধারকর্মী আহত হয়েছেন।

পরে তারা জানায়, ইসরায়েলি বাহিনী পাঁচ কর্মীকে আটক করার পর উত্তর গাজায় তাদের সব কার্যক্রম স্থগিত করা হয়।

 সিভিল ইমার্জেন্সি সার্ভিস এক বিবৃতিতে বলেছে, "গাজার উত্তরাঞ্চলে আমাদের কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে পরিস্থিতি আমাদের হাতের বাইরে। এমনকি সেখানকার নাগরিকরা এখন সব ধরণের মানবিক পরিষেবা থেকে বঞ্চিত।”

স্বাস্থ্য ও বেসামরিক জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জাবালিয়া ও এর আশপাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত কয়েক ডজন ফিলিস্তিনির লাশ রাস্তার পাশে ও ধ্বংসস্তূপের নিচে ছড়িয়ে ছিটিয়ে ছিল। মেডিকেল টিম তাদের কাছে পৌঁছাতে পারেনি।

উত্তরাঞ্চলের হাসপাতালগুলো হয় পুরোপুরি চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে অথবা হামলার তীব্রতার কারণে খুব কম সংখ্যক চিকিৎসক বা হাসপাতাল কাজ করছে।

যেসব হাসপাতালের চিকিৎসকরা ইসরায়েলের খালি করার নির্দেশ প্রত্যাখ্যান করেছেন তারা বলছেন, রক্ত দানের জন্য রক্ত ফুরিয়ে আসছে, পাশাপাশি মৃতদের জন্য কফিনও শেষের পথে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা বিশ্বকে আহ্বান জানাচ্ছি, যারা আমাদের জনগণকে সুরক্ষা ও আশ্রয় দিতে ব্যর্থ হয়েছে এবং খাদ্য ও ওষুধ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে, এখন অন্তত আমাদের নিহতদের জন্য কাফন পাঠানোর চেষ্টা করুন।”

যুদ্ধবিরতির আহ্বান:

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েল সফর করেছেন। যুদ্ধবিরতির জন্য চাপ দিতে সৌদি আরবও যাচ্ছেন। গাজার উত্তরাঞ্চলে আরও মানবিক ত্রাণ সরবরাহের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। 

ইসরায়েল বলছে, অসংখ্য ট্রাক ও এয়ার ড্রপের মাধ্যমে ত্রাণ পাঠানো হয়েছে। কিন্তু গাজার চিকিৎসকরা বলছেন, তাদের কাছে ত্রাণ পৌঁছায়নি।

মঙ্গলবার সিওজিএটি জানিয়েছে, গত আট দিনে জর্ডান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে মানবিক ত্রাণ ভর্তি ২৩৭টি ট্রাক গাজার উত্তরাঞ্চলে স্থানান্তর করা হয়েছে। এতে বলা হয়, গাজা উপত্যকায় মানবিক সহায়তা সহজ করতে আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করা অব্যাহত রাখবে ইসরায়েল।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন, গাজার উত্তর প্রান্তের তিনটি শহর জাবালিয়া, বেইত হানুন ও বেইত লাহিয়ায় কোনো ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বাহিনী হামাস জঙ্গিদের বিরুদ্ধে কাজ করছে এবং বাসিন্দাদের সরে যাওয়ার আদেশ মেনে চলে যেতে সহায়তা করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় মোট মৃতের সংখ্যা ৪৩,০০০ এর কাছাকাছি পৌঁছেছে এবং প্রায় ২৩ লাখ গাজাবাসীর প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছে, অনেকে একাধিকবার।