২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধের মধ্যে নিরাপত্তার দায়িত্বে শিশুদের কাজে লাগাচ্ছে ইরান

ইরানে যুদ্ধের মধ্যে তেহরানে নিরাপত্তা রক্ষায় বাসিজ বাহিনীর টহল ও তল্লাশিতে সহায়তা করার সময় বিমান হামলায় নিহত হয়েছে ১১ বছরের এক শিশু।

যুদ্ধের মধ্যে নিরাপত্তার দায়িত্বে শিশুদের কাজে লাগাচ্ছে ইরান
আধাসামরিক স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাসিজ- এর সদস্য। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 12:40 AM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ইরানের রাজধানী তেহরানে চলমান যুদ্ধের মধ্যে নিরাপত্তার দায়িত্বে শিশু-কিশোরদের অংশগ্রহণের খবর সামনে এসেছে। প্রত্যক্ষদর্শীরাও তেহরানসহ অন্যান্য শহরে শিশুদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখার কথা জানিয়েছেন।

তেহরানে একটি নিরাপত্তা তল্লাশিকেন্দ্রে দায়িত্ব পালনের সময় ১১ বছরের এক শিশু বিমান হামলায় তার বাবাসহ নিহত হওয়ার ঘটনা ইরানে শিশুদের নিরাপত্তার দায়িত্বে নিয়োগের নতুন উদ্যোগের বিষয়টি সামনে নিয়ে এসেছে।

ইরানের নিরাপত্তা তল্লাশিকেন্দ্র এবং টহল কার্যক্রমে এই শিশুদের নিয়োগ করা হচ্ছে। 

নিহত শিশু আলিরেজা জাফরির মা পৌরসভা পরিচালিত হামশাহরি পত্রিকায় বলেছেন, তেহরান এবং সেখানকার মানুষদের নিরাপত্তা রক্ষায় আধাসামরিক স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাসিজ বাহিনীর টহল ও নিরাপত্তা তল্লাশি কার্যক্রমে সহায়তা করছিল ছেলে ও বাবা। সে সময় তারা বিমান হামলায় নিহত হয়। ঘটনাটি ঘটে ১১ মার্চে।

গত সপ্তাহে তেহরানে ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কর্মকর্তা ফার্স বার্তা সংস্থাকে জানান, আইআরজিসি ১২ বছর বা তার বেশি বয়সের শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী হিসাবে নিয়োগ দেবে।

প্রত্যক্ষদর্শীরা বিবিসি-কে বলেছে, তারা রাজধানী তেহরান ও অন্যান্য শহরে অস্ত্র হাতেও কিছু শিশুকে নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করতে দেখেছে।

বিদেশি মানবাধিকার সংস্থাগুলোও নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে শিশু আলিরেজার মৃত্যুর ঘটনা প্রকাশ করেছে।

আলিরেজার মা জানান, তার স্বামী তাকে বলেছিলেন, চেকপয়েন্টে যথেষ্ট কর্মী নেই। মাত্র চারজন আছে। সেকারণে তিনি ছেলে আলিরেজাকে সঙ্গে নিয়ে যান। তিনি বলেছিলেন, সামনের দিনগুলোর জন্য ছেলের প্রস্তুত হওয়া প্রয়োজন।

ছেলে আলিরেজার কথা উল্লেখ করে তার মা বলেন, ছেলে তাকে বলেছিল, “মা, হয় আমরা এই যুদ্ধে জিতব নয়ত শহীদ হব। আল্লাহর ইচ্ছায় আমরা জিতব। তবে আমি শহীদ হতেই পছন্দ করব।”

হামশাহরি পত্রিকা জানায়, বাবা ও ছেলে ইসরায়েলের ড্রোন হামলায় মারা যায়। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা এই ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি।

ইরানের আইআরজিসি’র গ্রেটার তেহরান মোহাম্মদ সাসুলউল্লাহ কোর এর রহিম নাদালি বলেন, শিশু নিয়োগের নতুন এই কর্মসূচি ‘হোমল্যান্ড ডিফেন্ডার ফাইটারস ফর ইরান’ নামে পরিচিত।

এই কর্মসূচির আওতায় শিশুদেরকে টহল, নিরাপত্তা তল্লাশিচৌকির কাজ-সহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করা হবে। 

বাসিজ মিলিশিয়া সংশ্লিষ্ট মসজিদগুলোতে এবং নগরীর বিভিন্ন স্কয়ার যেখানে সরকারপন্থি সমাবেশ হয় সেসব জায়গা থেকে শিশুদের নিয়োগ করা হতে পারে।