২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তবর্তী অঞ্চলে হামলার জন্য একে-অপরকে দুষছে ইউক্রেইন-রাশিয়া

সীমান্তবর্তী সুমি ও বেলগোরোদ অঞ্চলে একে অপরের হামলায় বেশকিছু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটার দাবি করছে ইউক্রেইন ও রাশিয়া।

সীমান্তবর্তী অঞ্চলে হামলার জন্য একে-অপরকে দুষছে ইউক্রেইন-রাশিয়া
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2024, 06:45 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

সীমান্তবর্তী অঞ্চলে রাতভর বিমান হামলার জন্য একে-অপরকে দোষারোপ করছে ইউক্রেইন ও রাশিয়া। ইউক্রেইনের কর্মকর্তারা বলছেন, সুমি অঞ্চলে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছে। ওদিকে, রাশিয়া বলছে, বেলগোরোদে তিনজন আহত হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রোববার ইউক্রেইনের উত্তর-পূর্বাঞ্চলীয় সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, সুমি অঞ্চলে আহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। হামলায় বেশ কয়েকটি আবাসিক বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সীমান্তে ওপারে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদে ইউক্রেইনের হামলায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছে। টেলিগ্রামে অঞ্চলটির গভর্নর ভিসেচলাভ গ্লাডকভ একথা জানিয়েছেন।

তিনি আরও জানান, দু’টি আবাসিক ভবন ধ্বংস এবং আরও ১৫টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বেলগোরোদের আকাশে ইউক্রেইনের ছোড়া দুটি ড্রোন ধ্বংস করেছে তারা।

তবে রয়টার্স স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

যুদ্ধ শুরুর পর থেকেই সুমি ও বেলগোরোদ অঞ্চল দুটি ক্রমাগত হামলার শিকার হয়ে আসছে। উভয়পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, যুদ্ধক্ষেত্রে একে-অপরের অবকাঠামোকে নিশানা করে হামলা করা হচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ইউক্রেইনীয়। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বহু গ্রাম ও নগরী।