১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চীনের গানসু প্রদেশে ভূমিধসে ১৬ জন মাটিচাপা

ভূমিধসের পর মোট ৩৩ জন মাটিচাপা পড়েছিলেন। তাদের মধ্যে ১৭ জন উদ্ধার করা সম্ভব হয়।

চীনের গানসু প্রদেশে ভূমিধসে ১৬ জন মাটিচাপা
কী কারণে ভূমিধসের এ ঘটনা ঘটেছে তা পরিষ্কার হয়নি। ছবি: চায়না ডেইলি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 02:11 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর একটি পার্বত্য কাউন্টিতে ভূমিধসের এক ঘটনায় অন্তত ১৬ জন মাটিচাপা পড়েছেন। 

মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

ভূমিধসের পর মোট ৩৩ জন মাটিচাপা পড়েছিলেন। তাদের মধ্যে ১৭ জন উদ্ধার করা সম্ভব হয়। বাকি ১৬ জন তখনও মাটির নিচে আটকা পড়েছিলেন। 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, থানছাং কাউন্টির স্থানীয় কর্তৃপক্ষ এক গ্রামে ঘটে এ ঘটনায় বাকি আটকাপড়াদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। কী কারণে ভূমিধসের এ ঘটনা ঘটেছে তা পরিষ্কার হয়নি।  

এই পাবর্ত্য এলাকাটি খাড়া ঢালের উপত্যকা আর ভেতর দিয়ে একেঁবেঁকে বয়ে যাওয়া নদীর কারণে হড়কা বান ও ভূমিধসের মতো প্রাকৃতি দুর্যোগপ্রবণ, বিশেষভাবে বর্ষাকালে।  

স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ভারি বৃষ্টির পর এই অঞ্চলে অনেকগুলো ভূমিধসের ঘটনা রেকর্ড করা হয়। ২০২০ সালের অগাস্টে এক ভূমিধসের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয় এবং ৭২ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন। এ ভূমিধসের ঘটনায় ১২১ কোটি ডলার সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছিল।