১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পশ্চিম তীরে মসজিদ ও কৃষিজমিতে আগুন দিয়েছে ইসরায়েলিরা

সর্বসাম্প্রতিক এই হামলার ঘটনা ঘটেছে তাল গ্রামের কাছে ইসরায়েলি বসতিস্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের মাত্র দুই দিন পর।

পশ্চিম তীরে মসজিদ ও কৃষিজমিতে আগুন দিয়েছে ইসরায়েলিরা
কুসরা গ্রামের মসজিদে রাতে আগুন দেওয়া হয়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 08:36 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

অধিকৃত পশ্চিম তীরে দুটি মসজিদসহ কয়েকটি গাড়ি ও কৃষিজমিতে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা আগুন দিয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে উত্তেজনা ও সহিংসতা ক্রমেই বাড়ছে।

সর্বসাম্প্রতিক এই হামলার ঘটনা ঘটেছে তাল গ্রামের কাছে ইসরায়েলি বসতিস্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের মাত্র দুই দিন পর। এই সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হয়েছে।

সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। এই সংঘর্ষকে ঘিরে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বসতিস্থাপনকারীদের হামলার ঘটনা আরও বেড়েছে।

ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাতের বেলায় অধিকৃত পশ্চিম তীরের দুটি গ্রামে হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, জিনিসপত্র লুট করা হয় এবং দেয়ালে বিদ্বেষমূলক গ্রাফিতি পেইন্ট করা হয়।

কুসরা গ্রামের মেয়র আবদুল আজিম ওয়াদি জানান, বসতিস্থাপনকারীরা নির্মাণাধীন একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। পরে মসজিদের দেয়ালে ‘প্রতিশোধ’ শব্দটি লেখা হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, কুসরায় সেনা পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রমাণ সংগ্রহ করবে।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, পৃথক একটি ঘটনায় কুর গ্রামেও একটি মসজিদে আগুন দেওয়া হয়। ওই মসজিদের দেয়ালেও বিভিন্ন স্লোগান লেখা হয় বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার তাল গ্রামের কাছে সংঘর্ষের পর পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে বসতিস্থাপনকারীদের একাধিক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনিরা।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পশ্চিম তীরে অভিযান চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযানকে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।

তাল গ্রামের সংঘর্ষের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘শক্তিশালী পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুই ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার সম্ভাবনার কথাও বলেছেন তিনি।

গত কয়েক মাসে পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এসব হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দা ও উদ্বেগ সৃষ্টি হলেও পরিস্থিতির উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না।

ইসরায়েল ও ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর আগেই পশ্চিম তীরে উত্তেজনা ও সহিংসতা বাড়ছিল। তবে তারপর থেকে ওই অঞ্চলের পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে।