হাসপাতালে ভর্তির খবর অস্বীকার করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন সংবাদ সংস্থা এপি সের্গেই ল্যাভরভের হাসপাতালে ভর্তি হওয়ার খবর দেওয়ার পর তিনি তা অস্বীকার করলেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়ার খবর অস্বীকার করেছেন।
মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ল্যাভরভের হাসপাতালে ভর্তি হওয়ার খবর দেওয়ার পর সোমবার তিনি তা অস্বীকার করলেন।
একইসঙ্গে মিথ্যা খবর প্রকাশের জন্য পশ্চিমা সাংবাদিকদের তিরস্কারও করেছেন তিনি।
এপি’র খবরে ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, জি-২০ সম্মেলনে অংশ নিতে বালি দ্বীপে পৌঁছানোর পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পরে এ খবর অস্বীকার করে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, “এটি অবশ্যই বানোয়াট।”
জাখারোভা এরপর ল্যাভরভের একটি ভিডিও পোস্ট করেন। তাতে রুশ এই পররাষ্ট্রমন্ত্রীকে আউটডোরে একটি প্রাঙ্গণে শর্টশ ও টি শার্ট পরে বসে কাগজপত্র পড়তে দেখা গেছে।
তাকে হাসপাতালে নেওয়ার খবরের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, পশ্চিমা সাংবাদিকরা (প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতনের রুগ্ন স্বাস্থ্য নিয়েও এক দশক ধরে মিথ্যা কথা লিখে আসছে।
ব্যাঙ্গ হাসি হেসে ল্যাভরভ আরও বলেন, “এটি এক ধরনের খেলা। রাজনীতিতে এমন খেলা নতুন কিছু নয়। পশ্চিমা সাংবাদিকদের আরও সত্যবাদী হওয়া দরকার। তাদের সত্য লেখা প্রয়োজন।”
ওদিকে, ইন্দোনেশিয়ার বালি দ্বীপের গভর্নরও বলেছেন, ল্যাভরভের স্বাস্থ্য ভাল আছে এবং তিনি চেক-আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন।
