যুক্তরাষ্ট্রের আদালতে পরীক্ষার মুখে ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষমতা
ট্রাম্প তার এখতিয়ারের বাইরে গিয়ে বিশ্বের দেশগুলোর ওপর পারষ্পরিক শুল্কারোপ করছেন কিনা সে বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবে আপিল আদালত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঢালাও উচ্চহারের শুল্ক বিভিন্ন দেশে কার্যকর হওয়ার আগে দিয়ে ফেডারেল আপিল আদালতে গুরুতর পরীক্ষার মুখে পড়েছে।
ট্রাম্প তার এখতিয়ারের বাইরে গিয়ে বিশ্বের দেশগুলোর ওপর এই শুল্ক চাপাচ্ছেন কিনা সে বিষয়টিই পুনর্বিবেচনা করে দেখবে আপিল আদালত।
যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের ওপর ট্রাম্প তার এখতিয়ারের বাইরে গিয়ে শুল্ক চাপাচ্ছেন বলে একটি নিন্ম আদালতের দেওয়া রায়ের পর ফেডারেল আদালত বিষয়টি পর্যালোচনা করে দেখছে।
বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ফেডারেল সার্কিটের ইউএস কোর্ট অব আপিলসে এ বিষয়ে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের একাধিক ব্যবসায়িক অংশীদার দেশের পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তার আগে ফেব্রুয়ারিতে তিনি চীন, কানাডা এবং মেক্সিকোর পণ্যেও শুল্ক আরোপের ঘোষণা দেন।
এইসব শুল্কের বৈধতাই যাচাই করে দেখবে আদালত। শুনানিতে ১২টি ডেমোক্রেটিক শাসিত রাজ্য ও পাঁচটি ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের করা দুটি মামলার যুক্তিতর্ক শুনবেন আদালতের পূর্ণ ১১ জন বিচারকের প্যানেল।
১ অগাস্ট থেকে ট্রাম্পের পারস্পরিক শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে বিভিন্ন দেশে। তার আগের দিনেই আপিল আদালতে এই শুনানি ট্রাম্পের এমন শুল্ক আরোপের এখতিয়ার থাকা না থাকার বিষয়ে প্রথম এক পরীক্ষা।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর শুল্ককে তার বৈদেশিক নীতির মোক্ষম হাতিয়ার করেছেন। বাণিজ্য আলোচনায় সুবিধা পেতে এবং ট্রাম্পের কথায়, ‘ব্যবসায় অন্যায় চর্চার’ ক্ষেত্রে শাস্তি হিসাবে আগ্রাসীভাবে তিনি এই হাতিয়ারকে কাজে লাগাচ্ছেন।
যারা এর বিরোধী সেইসব রাজ্য এবং ব্যবসায়ীরা যুক্তি দেখিয়ে বলছেন, এই শুল্ক আরোপ ট্রাম্পের ‘প্রেসিডেন্সিয়াল জরুরি ক্ষমতার’ আওতায় অনুমোদনযোগ্য নয়; যে ক্ষমতার কথা ট্রাম্প শুল্কআরোপের যৌক্তিকতা প্রমাণে তুলে ধরছেন।
এই রাজ্য এবং ব্যবসায়ীদের বক্তব্য হল: শুল্ক এবং অন্যান্য করারোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রেসিডেন্ট নয় বরং কংগ্রেসকে এখতিয়ার দেওয়া হয়েছে।
ট্রাম্পের দাবি, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ (আইইইপিএ) আইনের বৃহত্তর ক্ষমতার আওতায় শুল্ক ধার্য করেছেন তিনি। ঐতিহাসিকভাবে মূলত জাতীয় জরুরি অবস্থায় শত্রু দেশ বা সন্ত্রাসী গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ বা তাদের সম্পদ জব্দ করতে এই আইন ব্যবহার করা হয়।
কিন্তু ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি এই আইনকে শুল্ক আরোপের জন্য ব্যবহার করেছেন। প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি এবং উৎপাদন কমে যাওয়ার প্রেক্ষাপটে এপ্রিলে ঢালাওভাবে শুল্কারোপের ঘোষণা দেওয়া হয়েছিল।
অন্যদিকে, চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে যে শুল্কারোপের ঘোষণা দেওয়া হয়েছে, তার যুক্তি হিসেবে ট্রাম্প বলেছিলেন—এই দেশগুলো যুক্তরাষ্ট্রে অবৈধ ফেন্টানিল প্রবেশ ঠেকাতে যথেষ্ট কাজ করছে না। তবে দেশগুলো সে অভিযোগ অস্বীকার করেছে।
এই শুল্কনীতির কারণে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয় এবং যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান সরবরাহ ব্যবস্থা, উৎপাদন ও মূল্য নির্ধারণে চাপে পড়ে। চলতি বছরের ২৮ মে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের তিন বিচারকের একটি প্যানেল ট্রাম্পের বিরুদ্ধে রায় দেয়।
তারা বলে, দীর্ঘস্থায়ী বাণিজ্য ঘাটতি ‘জাতীয় জরুরি হুমকি’ হিসেবে ধরা যায় না, কাজেই আইইইপিএ আইনের আওতায় এসব শুল্ক আরোপ করা যায় না।
