১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লেবাননে ইসরায়েলের তীব্র হামলায় নিহত ৩১

লেবাননের প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর জাওতার আল-শরকিয়াতে ইসরায়েলি সেনারা প্রবেশ করার সময় তারা তাদের মোকাবেলা করেছে।

লেবাননে ইসরায়েলের তীব্র হামলায় নিহত ৩১
দক্ষিণ লেবাননের কাফার জোজে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উঠছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 04:24 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলজুড়ে ইসরায়েলের ব্যাপক হামলায় ৩১ জন নিহত হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলার তীব্রতা বৃদ্ধির কথা জানিয়েছে ইসরায়েল।  

লেবাননের প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর জাওতার আল-শরকিয়াতে ইসরায়েলি সেনারা প্রবেশ করার সময় তারা মোকাবেলা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান সম্প্রসারিত করছে। 

এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় চার শিশু ও তিন নারীসহ ৩১ জন নিহত ও আরও ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৪ জন টায়ার শহরের নিকটবর্তী বুর্জ আল-শামালিতে, পাঁচজন কাওথারিয়াত আল-রিজ, চারজন হাব্বুশে, ছয়জন মারাকেহে এবং দুইজন সালায় নিহত হয়েছে। 

আন্তর্জাতিক এক বার্তা সংস্থার বরাত দিয়ে গাল্ফ নিউজ জানিয়েছে, নাবাতিয়েহ শহরে নজিরবিহীন এক হুঁশিয়ারি দেওয়ার পর বিমান হামলা চালানো হয়। এরপর শহরের বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায়।

লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়েহর সরকারি হাসপাতালে হামলা চালানো হয়েছে, এতে হাসপাতালের বিভাগগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরসহ অন্তত ৫০টি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে।  

ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, তাদের সেনারা দক্ষিণ লেবাননে ইসরায়েল ঘোষিত ‘ইয়েলো লাইন’ ছাড়িয়ে অভিযান বিস্তৃত করছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত থেকে লেবাননের ভেতরে ১০ কিলোমিটার পর্যন্ত এলাকাকে ‘ইয়েলো লাইন’ হিসেবে ঘোষণা করে সেখানে হিজবুল্লাহবিরোধী অভিযান শুরু করেছিল ইসরায়েলি বাহিনী। 

এবার তারা তাদের ঘোষিত ওই লাইন ছাড়িয়ে আরও ভেতরে অভিযান শুরু করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, নাবাতিয়েহ শহর পুরোটা নজরে আসে মঙ্গলবার এমন একটি শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল ইসরায়েলি সেনারা, কিন্তু তারা তাদের রুখে দিয়েছে। তারা জাওতার আল-শারকিয়া শহরে ঢুকতে না পেরে সেখানে বিমান হামলা চালিয়েছে ও ব্যাপক গোলাবর্ষণ করেছে। 

হিজবুল্লাহ জানিয়েছে, তারা এই শহরে ইসরায়েলি বাহিনীর ওপর ধারাবাহিকভাবে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। পাশাপাশি ইসরায়েলি সেনাদের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে।