মরক্কোতে আকস্মিক বন্যায় ২১ জনের মৃত্যু
মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিতেই উপকূলীয় প্রদেশ সাফির পুরনো শহর এলাকার বহু ঘরবাড়ি ও দোকানপাট পানিতে ডুবে যায়।
মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় রোববার অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
সাফি প্রদেশের অবস্থান মরক্কোর রাজধানী রাবাত থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে।
কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতির বরাতে রয়টার্স জানিয়েছে, বন্যার তোড়ে আরও ৩২ জন আহত হয়েছেন, তবে তাদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিতেই সাফির পুরনো শহর এলাকার বহু ঘরবাড়ি ও দোকানপাট পানিতে ডুবে যায়। স্রোতের তোড়ে বেশ কয়েকটি গাড়ি ভেসে যায়। শহর ও আশপাশের অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শুরু করা হয়েছে আর তা অব্যাহত আছে।
মরক্কোয় ব্যাপক বৃষ্টিপাতের পাশাপাশি আটলাস পর্বতমালা অঞ্চলে তুষারপাত হচ্ছে। এর আগে দেশটি টানা সাত বছর খরার কবলে ছিল। এর ফলে মরক্কোর কয়েকটি প্রধান জলাধার শুকিয়ে যায়।
