‘হামাস অস্ত্র না ছাড়লে, আমরাই তাদের নিরস্ত্র করব’, হুমকি ট্রাম্পের
গাজায় যুদ্ধবিরতি শুরুর পর সেখানে হামাসের নিয়ন্ত্রণ জোরদার এবং ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ডও কার্যকরের ভিডিও অনলাইনে ছড়ানোর পর মার্কিন প্রেসিডেন্ট এই হুমকি দিলেন।
ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিজেরা অস্ত্র পরিহার না করলে তাদেরকে নিরস্ত্র করা হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
গাজায় যুদ্ধবিরতি শুরুর পর সেখানে নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস যোদ্ধারা। ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগে বেশ কয়েকজনকে চিহ্নিত করে হামাস তাদের মৃত্যুদণ্ডও কার্যকর করছে।
প্রকাশ্যে সেই মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ার পর ট্রাম্প হামাসকে প্রয়োজনে সহিংস পন্থায় হলেও নিরস্ত্র করার হুমকি দিয়েছেন।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “একটি যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে হামাস যদি অস্ত্র না ছাড়ে, তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব। সেটি দ্রুতই করা হবে। আর তা সহিংসভাবেও হতে পারে।”
তবে ট্রাম্প নির্দিষ্ট করে বলেননি কত দিনের মধ্যে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে।
বিবিসি-র যাচাই করা তথ্য অনুযায়ী, গাজার কেন্দ্রীয় একটি মোড়ে হামাসকে মৃত্যুদণ্ড কার্যকর করতে দেখা গেছে। এতে দেখা যায়, মুখোশ পরা ও দেহরক্ষী জ্যাকেট পরা হামাস যোদ্ধারা আটজন পুরুষকে হাঁটু গেড়ে বসিয়ে গুলি করে হত্যা করছে।
আরেকটি যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, গাজার একই এলাকায় এক ব্যক্তিকে রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে তার পায়ে গুলি করছে মুখোশধারী এক সশস্ত্র যোদ্ধা।
গাজায় ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বর্তমানে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হল, হামাসকে কীভাবে নিরস্ত্র করা হবে এবং তারা কখন গাজার ক্ষমতা ছাড়বে সেটি।
হামাস বলেছে, গাজায় “অরাজকতা দমন” ও “শৃঙ্খলা ফিরিয়ে আনার” ব্যবস্থা নিচ্ছে তারা।
তবে গাজার বাসিন্দারা হামাসের কর্মকাণ্ডে আতঙ্কিত। এক আইনজীবী বিবিসি-কে বলেছেন, “কোনও প্রমাণ ছাড়া, আদালতের বিচার ছাড়া, একজন মুখোশধারী আরেকজন মুখোশধারীকে হত্যা করছে—এটাকে প্রতিরোধ বলা যায় না, এটা বিশৃঙ্খলা।”
হামাসের অভ্যন্তরীন নিরাপত্তা বাহিনীও এখন গাজার রাস্তায় টহল জোরদার করেছে। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, গাজা শহরের বিভিন্ন মোড়ে হামাসের নিরাপত্তা ইউনিটের সদস্যরা মোতায়েন রয়েছে।
লন্ডন স্কুল অব ইকনমিক্স এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফাওয়াজ গারগেস বিবিসি-কে বলেন, “হামাস এখন তার নিয়ন্ত্রণের এলাকায় ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। তারা অভ্যন্তরীন মন্ত্রণালয়ের বাহিনী ব্যবহার করছে শৃঙ্খলা ফিরিয়ে আনতে।”
তিনি আরও বলেন, “হামাসের বাহিনী বেশি প্রশিক্ষিত, বেশি সংগঠিত এবং বেশি দৃঢ়প্রতিজ্ঞ—তাই তারা বিভিন্ন গোষ্ঠী, ও মিলিশিয়াকে দমন করতে পারবে।”
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি হামলা ও প্রশাসনিক কাঠামোর ভেঙে পড়ার পর হামাসের প্রভাব কমে যাওয়ায় কিছু স্থানীয় সশস্ত্র গোষ্ঠী শক্তি সঞ্চয় করেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এসব গোষ্ঠীর কিছু অংশকে অস্ত্রসহ সমর্থন দিয়েছে বলে ধারণা রয়েছে, যাতে তারা হামাসের বিরুদ্ধে বিকল্প শক্তি হিসেবে কাজ করতে পারে।
