জ্বালানি সংকট, কিউবায় মে দিবসের মিছিল বাতিল
কিউবায় ১৯৫৯ সালের বিপ্লবের পর এবারই প্রথম অর্থনৈতিক কারণে শ্রমিক দিবসের উদযাপন বাতিল হল।
তীব্র জ্বালানি সংকটের কারণে মে দিবসের ঐতিহ্যবাহী মিছিল বাতিল করেছে কিউবার কমিউনিস্ট সরকার।
প্রতি বছর আন্তর্জাতিক এই শ্রমিক দিবসে গোটা দেশ থেকে বাসে করে লাখো মানুষ এসে হাভানার রেভল্যুশন স্কয়ারে সমবেত হয়।
কিন্তু ১৯৫৯ সালের বিপ্লবের পর এবারই প্রথম অর্থনৈতিক কারণে কিউবায় শ্রমিক দিবসের উদযাপন বাতিল হল।
বিবিসি জানায়, সম্প্রতি কয়েক সপ্তাহে কিউবার পেট্রোল স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা গেছে। চালকরা সেখানেই প্রায়ই কয়েকদিন ধরে জ্বালানির জন্য অপেক্ষা করেন।
এ মাসের প্রথমদিকে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেছেন, কিউবা তার চাহিদার মাত্র দুই-তৃতীয়াংশ জ্বালানি পাচ্ছে। সরবরাহকারীরা চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হচ্ছে।
কিউবায় সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী দেশ ভেনেজুয়েলা। কিন্তু সম্পতি কয়েকবছরে দেশটি জ্বালানি সরবরাহ ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলা খোদ গুরুতর সমস্যার সম্মুখীন। ফলে মিত্রদেশ কিউবাকে ভর্তুকি দেওয়া তাদের জন্য কঠিন হচ্ছে। আর এতে কিউবায় যে জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে তাতে নাগরিকরা চাপে পড়েছে।
কিউবা কর্তৃপক্ষ ঐতিহ্যগতভাবে মে দিবসের মিছিলের সার্থকতা নিশ্চিত করতে অনেক তহবিল ব্যয় করে। পরিবহনের মাধ্যমে শ্রমিকদেরকে দলে দলে হাভানায় নিয়ে আসে।
এ বছরের আগে কিউবায় কেবল আর একবারই মে দিবসের মিছিল বাতিল হয়েছিল। আর সেটি হয়েছিল ২০২০ এবং ২০২১ সালে কোভিড মহামারীর কারণে।
