ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক বদলাবে না: খামেনি
ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তির ফলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক কিংবা ইরানের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক এমনকি দ্বিপক্ষীয় কোনো বিষয় নিয়ে ইরান আলোচনা করবে না এবং আঞ্চলিক মিত্রদের মধ্যে প্রেসিডেন্ট আসাদের সিরিয়া সরকার এবং ফিলিস্তিনে হামাসের প্রতি ইরানের সমর্থন বজায় থাকবে বলে জানিয়েছেন তিনি।
এ সপ্তাহে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির ঐতিহাসিক পরমাণু চুক্তি হয়। চুক্তির পর হাজার হাজার মানুষ তেহরানের রাস্তায় নেমে উৎসব করেছে।
দেশটির সাধারণ জনগণের প্রত্যাশা, এর মাধ্যমে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাবে। এতে দেশের অর্থনীতি পুনর্গঠিত এবং স্থিতিশীল হবে। যার মাধ্যমে তাদের দৈনন্দিন জীবন সহজতর হবে।
ইরানে রাষ্ট্রীয় পর্যায়ের যে কোনো সিদ্ধান্তে খামেনির বক্তব্যই শেষ কথা। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিশ্বশক্তির সঙ্গে তেহরানের আলোচনা এবং চুক্তিতে সমর্থন জানিয়েছিলেন খামেনি।
তবে তিনি স্পষ্ট করে একথাও বলেছেন, “আমরা বার বারই বলেছি, আঞ্চলিক বা আন্তর্জাতিক কোন বিষয় নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করছি না; এমনকি দ্বিপক্ষীয় কোনো বিষয় নিয়েও না। পরমাণু প্রকল্প নিয়ে আমাদের কিছু প্রত্যাশা রয়েছে এবং নিজেদের স্বার্থ বজায় রাখতে যা নিয়ে আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করেছি।”
“আমরা এই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) আমাদের মিত্র ইয়েমেন, সিরিয়া, ইরাক, বাহরাইন লেবানন এবং ফিলিস্তিনের জনগণকে সমর্থন দেয়া কখনও বন্ধ করব না। এমন কি এই চুক্তির পর দাম্ভিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেও কোনো পরিবর্তন আসবে না।”
তেহরানে একটি মসজিদে ঈদ উপলক্ষে বক্তৃতা দেয়ার সময় খামেনি আরো বলেন, মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের নীতি ইরানের নীতির ‘১৮০ ডিগ্রি’ বিপরীত। এ সময় উপস্থিত জনগণকে ‘আমেরিকা নিপাত যাক’ ‘ইসরায়েল নিপাত যাক’ বলে শ্লোগান দিতে শোনা যায়।
অধিকাংশ উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর অভিযোগ, বাহরাইন, ইয়েমেন ও লেবাননে রাজনৈতিক অস্থিরতার পেছনে তেহরানের উস্কানি রয়েছে।
যদিও ইরানে ক্ষমতাসীন শিয়া সমর্থিত সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। তবে তারা প্রকাশ্যে সিরিয়া ও ইরাক সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।
