২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের সঙ্গে জড়িত সন্দেহে সৌদিতে গ্রেপ্তার ৪৩১

কট্টরপন্থী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে সৌদি আরবে ৪৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jul 2015, 10:39 AM

Updated : 25 Apr 2022, 01:37 PM

এদের গ্রেপ্তারের মাধ্যমে ছয়টি মসজিদে আত্মঘাতী হামলার পরিকল্পনা উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো, কূটনীতিক মিশন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
 
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-র ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, “শনিবার পর্যন্ত ৪৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের অধিকাংশই নাগরিক (সৌদি), এদের সঙ্গে অন্যান্য দেশের নাগরিকরাও আছেন।” 
 
“এরা পূর্বাঞ্চলীয় প্রদেশের মসজিদগুলোতে ছয়টি আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করেছিল। প্রতি শুক্রবার এসব হামলা চালানো হত। হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল।”
 
“সন্ত্রাসীরা শারুরাহ প্রদেশে একটি কূটনীতিক মিশনে, সরকারি ও নিরাপত্তা বাহিনীর স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল, পাশপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার পরিকল্পনাও করেছিল।”
 
গত ২২ মে সৌদি আরবের কাতিফ প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে চালানো এক আত্মঘাতী হামলার ২১ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হন। হতাহতদের অধিকাংশই মুসলিম সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য। 
 
ওই হামলার দায় স্বীকার করে দেশটিতে আরো হামলার হুমকি দিয়েছিল আইএস।
 
ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে সেখানে ‘খিলাফত’ শাসন জারি করার কথা জানিয়েছে আইএস। চরম কট্টরপন্থী এই গোষ্ঠীটিকে দমনে তাদের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ার বিভিন্ন বাহিনীর লড়াইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী বিমান হামলা পরিচালনা করছে। সৌদি আরবও এই জোটের অন্যতম অংশীদার।