সলোমন দ্বীপে ৬.৯ মাত্রার ভূমিকম্প
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের কারণে স্বল্পসময়ের জন্য ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
ভূমিকম্পটির মাত্রা প্রাথমিকভাবে ৭ দশমিক ৫ মাত্রার বলা হলেও পরবর্তী সময়ে এটি ৬ দশমিক ৯ মাত্রায় নামিয়ে আনা হয় বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।
শনিবারের এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সলোমনের সান্তা ক্রুজ দ্বীপের কাছে সমুদ্রের ৩৩ কিলোমিটার গভীরে।
হাওয়াইয়ের প্রশান্তমহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এই ভূমিকম্পের পর এর কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার এলাকা পর্যন্ত সুনামি সতর্কতা জারি করেছিল।
কিন্তু ৩০ মিনিট পরই কেন্দ্রটি থেকে সুনামি সতর্কতা তুলে নিয়ে বলা হয়, সমুদ্রের উপরিতল ও নিচের পানি সামান্য উত্তাল হতে পারে এবং তা কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে।
