২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানউইংস বিপর্যয়: পাইলটদের যাচাই করে নেয়ার সুপারিশ

জার্মানউইংসের বিমান বিধ্বস্তের ঘটনার পর সব এয়ারলাইনের পাইলটদেরকে চুলচেরা যাচাই-বাছাই করে নেয়ার জন্য এক প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে সুপারিশ করেছে ইউরোপীয় বিমান নিরাপত্তা তদারককারী সংস্থার বিশেষজ্ঞরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 10:37 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

সুপারিশমালায় সব এয়ারলাইন্সের পাইলটদের মানসিক ও শারিরীক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার প্রস্তাব করা হয়েছে।

মার্চে জার্মান এয়ারলাইন্স জার্মানউইংসের এ-৩২০ এয়ারবাস ফ্রান্সের আল্পস পর্বতে আছড়ে ফেলে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেন বিমানটির কো-পাইলট আন্দ্রিয়াজ লুবিৎজ। এতে নিহত হয় বিমানটির ১৫০ আরোহীর সবাই।

লুবিৎজ মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং মারাত্মক বিষন্নতায় ভুগছিলেন। কিন্তু চাকরি খোয়ানোর আশঙ্কায় তিনি এ বিষয়টি নিয়োগকর্তাদের কাছে গোপন করেন বলে ধারণা ফ্রান্সের কৌঁসুলিদের।

ভয়াবহ ওই ঘটনার পর বিমানের নিরাপত্তা ও নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা পুনপর্যালোচনা করে নতুন প্রতিবেদনে নতুন ওই সুপারিশ করেছে বিমান বিশেষজ্ঞদের বিশেষ টাস্কফোর্স। ক্রুদেরকে যাচাই করে নেয়া ছাড়াও বিমানের ককপিটে কখনোই দুইজনের কম পাইলট না রাখা এবং পাইলটদের ওষুধ ও এলকোহল পরীক্ষা করা এমনকি চিকিৎসা প্রতিবেদনও খতিয়ে দেখার সুপারিশ করেন তারা।