২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের ‘এডেন বিদ্রোহীদের কবলমুক্ত’

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন প্রদেশ হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির নির্বাসিত ভাইস প্রেসিডেন্ট খালেদ বাহাহ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 07:56 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

সৌদি আরবে অবস্থানরত বাহাহ বলেছেন, তার সরকার সেখানে মৌলিক সেবা চালু করার জন্য কাজ করবে।

এডেনে বিদ্রোহী বাহিনী এবং সৌদি আরব সমর্থিত বাহিনীর মধ্যে কয়েকমাস ধরে প্রচণ্ড লড়াই চলেছে।

প্রাদেশিক রাজধানীর দিকে হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে ইয়েমেন সরকার মার্চে এডেনের ঘাঁটি থেকে পালিয়ে যায়।

এরপর এ সপ্তাহের শুরুর দিকে এডেন থেকে হুতি বিদ্রোহীদের হটিয়ে দিতে শুরু হয় বড় ধরনের অভিযান। এ অভিযানে সফলতার সঙ্গে অগ্রসর হয় ইয়েমেন বাহিনী।

তবে শুক্রবারও এডেনের বিভিন্ন অংশে লড়াই চলছে।শহরটির উত্তর ও পূর্বাঞ্চলীয় প্রবেশপথ এখনো বিদ্রোহীদের দখলে আছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর হাদি সরকারের কয়েকজন মন্ত্রী রিয়াদে আশ্রয় নেয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মত দেশে ফেরেন। হেলিকপ্টারে করে এডেন শহরের সামরিক একটি ঘাঁটিতে পৌঁছান তারা।

ফেইসবুক পাতায় এক বিবৃতিতে খালেদ বাহাহ বলেন, সরকার ঈদ উল ফিতরের প্রথম দিনে এডেন প্রদেশ বিদ্রোহীমুক্ত বলে ঘোষণা করছে। এডেনে জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য আমরা কাজ করে যাব। চালু করব পানি ও বিদ্যুৎ সরবরাহ।