২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গুলির ঘটনায় ‘সন্ত্রাসবাদের যোগসূত্র নেই’

যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থার (এফবিআই) তদন্তকারীরা বলছেন, টেনেসির চ্যাটানুগায় গুলি চালিয়ে ৪ মেরিন সেনাকে হত্যাকারীর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো যোগসূত্র পাননি তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 06:24 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

ঘটনাটি অভ্যন্তরীন সহিংস কর্মকাণ্ড হতে পারে বলেই মনে করছেন কর্মকর্তারা। ২৪ বছর বয়সী ওই বন্দুকধারী কি উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন।

বৃহস্পতিবার চ্যাটানুগায় নৌবাহিনীর দুটি ভবনে হামলার এ ঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়। হামলাকারী নিজেও নিহত হন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। 

হামলাকারীর উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে এফবিআই। মোহাম্মাদ ইউসুফ আব্দুলআজিজ নামের ওই হামলাকারীর জন্ম কুয়েতে। তবে বেশ কয়েক বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রেবাস করছিলেন। তিনি চ্যাটানুগা হাইস্কুলে পড়াশুনা করেন এবং টেনেসি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন।

আব্দুলআজিজ ইসলামিক স্টেট (আইএস) কিংবা এ ধরনের কোনো গোষ্ঠীর প্রচারণায় উদ্ধুব্ধ হয়ে একাজ করেছেন কিনা তা খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তারা।

রমজানে রোজার মাসে হামলা জোরদার করার হুমকি দিয়েছিল ইসলামিক স্টেট। শুক্রবার সন্ধ্যায় শেষ হচ্ছে রমজান। আইএস এরই মধ্যে ইয়েমেনের পর্যটন হোটেলে হামলা এবং একইসাথে ফ্রান্স ও কুয়েতে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।

তবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে টেনেসির নক্সভিল বিভাগের দায়িত্বে থাকা বিশেষ এফবিআই এজেন্ট এডওয়ার্ড রেইনহোল্ড বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আব্দুলআজিজের কোনো সম্পৃক্ততা খুঁজে পাননি তদন্তকারীরা।

জঙ্গি সংগঠনগুলোর ওপর নজরদারি সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলেছে, আব্দুলআজিজ সোমবার একটি ব্লগ লেখেছিলেন যাতে বলা হয়, “জীবন ছোট ও তিক্ত। মুসলিমদের আল্লাহর কাছে আত্মসমর্পণ করার সুযোগ ছাড়া উচিত না।” তবে এ পোস্টের সত্যাসত্য যাচাই করতে পারেনি রয়টার্স।

ওদিকে, নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, বিদেশি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে আব্দুলআজিজের বাবা কয়েকবছর ধরে তদন্তনাধীন ছিলেন। পরে সন্ত্রাসের নজরদারি তালিকা থেকে তার নাম বাদ দেয়া হয়।

এফবিআই এর এক বিশেষ কর্মকর্তা বলেছেন, “আমরা প্রতিটি সম্ভাবনাই খতিয়ে দেখছি। এটি সন্ত্রাসবাদ কি না, অভ্যন্তরীন কিংবা আন্তর্জাতিক সন্ত্রাস কিনা, অথবা সাধারণ কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কি না”।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে চলতি বছরের শুরুতে একবার গ্রেপ্তার হয়েছিলেন আব্দুলআজিজ।

বৃহস্পতিবারের ঘটনায় আব্দুলআজিজ নৌবাহিনীর একটি রিক্রুটমেন্ট সেন্টারে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে ধাওয়া করে। পরে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে নিহতহন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনাকে ‘হৃদয় বিদারক’ বলে বর্ণনা করেছেন।