জাপানে বিতর্কিত নিরাপত্তা বিল পাশ
টোকিওয় বিক্ষোভের মুখেও জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে দু’টি বিতর্কিত নিরাপত্তা বিল পাশ হয়েছে। এর ফলে দেশেটির নিরাপত্তা আইনে বড় ধরনের পরিবর্তন ঘটবে।
ওই পরিবর্তনের অংশ হিসেবে জাপানের সেনাবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের বিদেশের মাটিতে যুদ্ধ করতে পারবে। অর্থাৎ, আন্তর্জাতিক অঙ্গনে বাড়বে জাপানের সামরিক বাহিনীর ভূমিক।
তবে বিলটি আইনে পরিণত হওয়ার জন্যে এখনো পার্লামেন্টের উচ্চকক্ষের অনুমোদন প্রয়োজন। বিশেষজ্ঞদের ধারণা, শেষ পর্যন্ত বিলটি আইনে পরিণত হবে।
বিতর্কিত বিল দুইটির বিরুদ্ধে বুধবার হাজার হাজার মানুষ জাপানের পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করেছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও বিল দু’টির পক্ষে মত দিয়েছেন। বিলের পক্ষের লোকজনের দাবি, সমন্বিত আত্মরক্ষার জন্য সেনাবাহিনীর ভূমিকায় বিস্তার ঘটানো প্রয়োজন।
তবে বিভিন্ন মতামত জরিপে জাপানের অর্ধেকের বেশি নাগরিক বিল দুইটির বিপক্ষে মত দিয়েছে।
বিল পাশের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, “জাপান শান্তির নীতি পরিহার করছে।” তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে জাপানকে শান্তিপূর্ণ উন্নয়নের পথে অটল থাকার আহ্বান জানান।
