ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ঐতিহাসিক ভুল: ইসরায়েল
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ছয় বিশ্ব শক্তির সমঝোতাকে ‘একটি ঐতিহাসিক ভুল’ আখ্যায়িত করে এর সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইরান একটি জ্যাকপট পাবে, শত শত বিলিয়ন ডলারের নগদ অর্থের খনি, যা তাকে বিশ্বে এবং এই অঞ্চলে আগ্রাসন ও সন্ত্রাস চালিয়ে যেতে সক্ষম করবে। পরমাণু অস্ত্র লাভের পথ পেতে চলেছে ইরান “
“আমরা সব সময় আমাদের নাগরিকদের রক্ষা করব।”
মঙ্গলবার অস্ট্রিয়ার ভিয়েনায় তথাকথিত পি৫+১ নামে পরিচিত ছয় বিশ্বশক্তি- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানির সঙ্গে ইরানের যে সমঝোতা হয়েছে, তাতে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির উপর থেকে চলমান নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ।
এতে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর অন্যতম ইরানের তেল বিক্রির উপর আর কোনো বিধি-নিষেধ থাকবে না। এ চুক্তি মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চুক্তিকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এ চুক্তি ‘আরও আশাবাদের বিশ্বের’ দিকে এক ধাপ এগিয়ে যাওয়া।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, এ চুক্তি প্রমাণ করেছে ‘গঠনমূলক আলোচনায় কাজ হয়’।
তবে একে ‘ঐতিহাসিক আত্মসমর্পণ’ আখ্যায়িত করে এই চুক্তি ঠেকাতে সামর্থ অনুযায়ী সব কিছু করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
এই চুক্তি নিয়ে এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিতর্ক হবে। এরইমধ্যে এর সমালোচনায় সোচ্চার হয়েছেন মার্কিন কংগ্রেসের বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতারা।
তবে চুক্তি ঠেকাতে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা আটকাতে ভেটো ক্ষমতা প্রয়োগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।
