২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় বেইলআউট চুক্তি পাশের চেষ্টায় গ্রিক প্রধানমন্ত্রী

ইউরোজোনের নেতাদের প্রস্তাবিত তৃতীয় বেইলআউট চুক্তিতে পার্লামেন্টের এমপি’দের সমর্থন আদায়ের প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 10:54 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

অবসর ভাতা এবং ভ্যাট সংস্কারসহ চুক্তিটি বুধবার দিনশেষেই পার্লামেন্টে পাশ হতে হবে। কিন্তু জোট সরকারের ছোট শরীক দলের প্রতিরক্ষামন্ত্রী পানোস কামেনোস চুক্তিটিতে খুব বেশি সমর্থন দিতে রাজি নন বলে জানিয়েছে বিবিসি।

চুক্তিটি পাশ না হলে গ্রিসের ব্যাংকগুলো পতনের মুখে পড়বে এবং দেশটি ইউরোজোন থেকে বেরিয়ে যেতে বাধ্য হতে পারে।

গ্রিস দ্বিতীয়বারের মত আন্তর্জাতিক মুদ্র তহবিলের (আইএমএফ) ঋণ শোধ করতে না পারায় বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়েছে বলে সতর্ক করে সংস্থাটি। সোমবার এ ঋণ পরিশোধের সময়সীমা নির্ধারিত ছিল।

তবে প্রয়োজনে ঋণ পরিশোধের সময় আরো বাড়ানোরও সুযোগ রাখা হয়েছিল। কিন্তু গ্রিসের ঋণের অর্থ কমানোর ব্যাপারে কোনো ছাড় দেয়া হয়নি। গ্রিস সরকার যেটি চাইছিল।

ইউরোজোনের নেতাদের নতুন বেই্লআউট চুক্তিটি গ্রিক পার্লামেন্টে পাশের পাশাপাশি ইউরোজোনের কয়েকটি দেশের পার্লামেন্টেও পাশ হতে হবে। কিন্তু গ্রিস এখনো স্বল্প মেয়াদে অর্থ সঙ্কটে রয়েছে। ২৯ জুন থেকে বন্ধ হয়ে আছে গ্রিসের ব্যাংকগুলো।