২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু চুক্তি চূড়ান্ত

পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে ছয় বিশ্বশক্তির সঙ্গে  অবশেষে ইরানের চুক্তি  চূড়ান্ত হয়েছে বলে ভিয়েনা থেকে জানিয়েছেন কূটনীতিকরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Jul 2015, 01:11 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

চুক্তিতে ইরানের পরমাণু প্রকল্প এলাকগুলো পরিদর্শন নিয়ে কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদন সূত্রে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।

এ বিষয়ে গ্রিনিচ মান সময় ০৮:৩০টায় ‘বৈঠকে অংশগ্রহণকারী সবাইকে নিয়ে’ একটি চূড়ান্ত বৈঠকের কথা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), এরপর একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত কয়েকদিন ধরে ছয় বিশ্বশক্তির পক্ষে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও যুক্তরাজ্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে আসছিল।

ইরান যেন নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে চায় তথাকথিত পি৫+১ নামে পরিচিতি ছয় বিশ্বশক্তি- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া যোগ জার্মানি।

অপরদিকে নিজেদের পারমাণবিক কর্মসূচিকে সবসময় শান্তিপূর্ণ বলে দাবি করে আসা ইরান চায় তার উপর চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক অবরোধ উঠিয়ে নেওয়া হোক।

ভিয়েনা থেকে এক কূটনীতিক জানিয়েছেন, ইরানের পারমাণবিক প্রকল্পগুলো পরিদর্শনের দাবিতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

 চুক্তি অনুযায়ি জাতিসংঘের পরিদর্শকরা ইরানের সামরিক প্রকল্পগুলো পরিদর্শন করার অনুমতি পাবেন, তবে পরিদর্শনের অনুরোধ চ্যালেঞ্জ করতে পারবে ইরান, এমন বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই কূটনীতিক।

অপরদিকে বার্তা সংস্থা রয়টার্স ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির বহুল আলোচিত পরমাণু চুক্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হয়েছে বলে এক ইরানি কূটনীতিকের বরাতে জানিয়েছে।  

নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিক বলেছেন, “কঠিন পর্বগুলো পার হয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। খোদা আমাদের জনগণকে রক্ষা করুন।”

অন্য আরেকজন ইরানি কর্মকর্তা দুপক্ষের মধ্যে সমঝোতার কথা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে দুপক্ষের মধ্যে একটি খসড়া চুক্তি হয়েছিল, ওই চুক্তির আলোকে জুন মাসের মধ্যে চূড়ান্ত চুক্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়েও দুপক্ষের সমঝোতা না হওয়ায় চূড়ান্ত চুক্তির সময়সীমা বাড়ানো হয়।

চূড়ান্ত চুক্তির সমঝোতার সময়সীমা সোমবার রাত পর্যন্ত নির্ধারণ করা হলেও সোমবার রাতে কোনো ধরনের ঘোষণা ছাড়াই আলোচনা শেষ হয়।

তবে  চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে চলমান আলোচনায় সোমবার পর্যন্ত বড় ধরনের অগ্রগতি হয় বলে হোয়াইট হাউজের বরাতে জানিয়েছে বিবিসি।