বেইল আউট চুক্তি নিয়ে বিদ্রোহের মুখে সিপ্রাস
দাতাদের কঠোর ব্যয় সঙ্কোচনের শর্তে বেইল আউট চুক্তিতে সম্মতি জানিয়ে দেশে ফিরেই বিরূপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন গ্রিসের বামপন্থী প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।
মঙ্গলবার তার নিজ দল সিরিজা পার্টির বিদ্রোহী অংশ শোডাউনে করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রধান দাতাদেশ জার্মানির দাবির কাছে সিপ্রাস আত্মসমর্পণ করেছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর আগে ইউরো জোনের কোনো সরকারকে ব্যয় সংকোচনের এত কঠিন শর্তে বাধেনি দাতারা। বেইল আউট নিয়ে সমঝোতা করতে এতসব কঠিন শর্ত মেনে নেওয়ায় সিপ্রাসের উপর ক্ষুব্ধ হয়ে আছেন সিরিজা পার্টির কয়েকজন নেতা।
আট হাজার ৬০০ কোটি ইউরো ঋণের জন্য গ্রিস তাদের সার্বভৌম ক্ষমতার অনেকখানি দাতাদের হাতে তুলে দিতে রাজি হয়েছে, এর কয়েক ঘন্টার মধ্যেই সিপ্রাসের সরকার টেকানো নিয়েই সন্দেহ তৈরি হয়েছে।
১৭ ঘন্টা ধরে চলা ইউরো জোনের জরুরি শীর্ষ বৈঠকে জার্মানির নেতৃত্বাধীন আন্তর্জাতিক ঋণদাতারা যেসব শর্তারোপ করেছে, তাতে সিপ্রাসকে গ্রিসবাসীকে দেওয়া ব্যয় সংকোচনের অবসান ঘটানোর প্রতিশ্রুতি জলাঞ্জলি দিতে হয়েছে।
এর বিপরীতে তাকে এখন পেনসন কাঁটছাঁট, মূসক বৃদ্ধি ইত্যাদির জন্য আইন পাস করতে ও বুধবারের মধ্যে বেইল আউট চুক্তির জন্য পার্লামেন্টের সমর্থন আদায় করতে নামতে হচ্ছে। শুধু তাই নয়, ঋণদাতাদের তত্ত্বাবধানে তাকে সরকারি খাতের পাঁচ হাজার কোটি ইউরোর সম্পদ বিক্রি করে আগের ঋণের কিস্তি পরিশোধ করতে হবে।
পাঁচ বছর ধরে চলা কঠোর ব্যয় সঙ্কোচন থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়ে পাঁচমাস আগে নির্বাচিত হয়েছিলেন সিপ্রাস। সেই সিপ্রাসই ফের ব্যয় সঙ্কোচনের শর্তে নতুন বেইল আউট চুক্তির বিষয়ে ইউরো জোনের নেতাদের রাজি করিয়ে বলছেন, তিনি ‘কঠিন লড়াই করেছেন’ এবং ‘আর্থিক খাতের ভেঙে পড়া এড়াতে পেরেছেন’।
ফলে বুধবারের মধ্যে নতুন বেইল আউট চুক্তির বিষয়ে পার্লামেন্টের সমর্থন পেতে তাকে ইউরোপপন্থী বিরোধীদলগুলোর উপরই নির্ভর করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এতে তার সরকারের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে, যার ফলাফলে গ্রিসে হঠাৎই নতুন জাতীয় নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মনে করছেন অনেকে।
ক্ষমতাসীন সিরিজা পার্টির বামপন্থী বিদ্রোহীরা ও তার জোট সরকারের অংশীদার ডানপন্থী ইন্ডিপেন্ডেন্ট গ্রিস পার্টি ইঙ্গিত দিয়েছে, যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নির্বাচনের সেই প্রতিশ্রুতি ভাঙবেন না তারা।
সিপ্রাসের সঙ্গে এক বৈঠকের পর ইন্ডিপেন্ডেন্ট পার্টির নেতা প্রতিরক্ষামন্ত্রী প্যানোস কেমেনোস বলেছেন, “আমরা ওই বিষয়ে একমত নই। সংসদীয় গণতন্ত্রে নিয়মকানুন আছে আর আমরা তা ঠেকিয়ে দিব।”
মঙ্গলবার সকালে সিরিজার পার্লামেন্ট সদস্যদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে বেইল আউটের বিরোধীতার জন্য জ্বালানিমন্ত্রী পানাজিওতিস লাফাজানিস ও উপ-শ্রমমন্ত্রী দিমিত্রিস স্ট্রাতোউলিসকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে।
এছাড়া সিরিজার আপোষহীন বামপন্থী নেতা পার্লামেন্টের স্পিকার জোই কনস্টান্টিনোপোউলো বেইল আউটের সিদ্ধান্তে সিপ্রাসের বিরোধীতা করেছেন। পার্লামেন্টের সেশনে বেইল আউটের বিষয়ে তিনিও কঠিন প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
