জিহাদের পথে থাইল্যান্ড থেকে নির্বাসিত উইঘুররা
থাইল্যান্ড থেকে গত সপ্তাহে চীনে তাড়িয়ে দেয়া উইঘুররা জিহাদ করতে সিরিয়া এবং ইরাকে যাওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে চীন।
রাষ্টীয় টিভিতে মাথায় কালো হুড পরা ওই উইঘুরদেরকে বিমান থেকে নামিয়ে আনতে দেখা গেছে।
চীনের পশ্চিমাঞ্চলীয় সিনঝিয়াং অঞ্চলের অস্থিরতা থেকে বাঁচতে শত শত এবং সম্ভবত হাজার হাজার উইঘুর দক্ষিণ-পূর্ব এশিয়া দিয়ে গোপনে তুরস্কে পাড়ি জমিয়েছে।
চীনর ২ কোটি মুসলিম জনগোষ্ঠীর মাত্র একটি অংশ উইঘুর মসলিম সম্প্রদায়ের মানুষ।
গত সপ্তাহে থাইল্যান্ড ১০৯ জন উইঘুরকে চীনে ফেরত পাঠালে তুরস্কে থাই দূতাবাসকে ঘিরে উইঘুরপন্থিদের বিক্ষোভে উত্তেজনা সৃষ্টি হয়।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় শনিবার জানায়, ১০৯ জন উইঘুরের মধ্যে ১৩ জন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে চীন থেকে পালিয়েছে। উইঘুরদের অনেকেই ইস্ট তুর্কেস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) এর প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে জিহাদে ঝুঁকছে।
